১৯২৬ সালে আমদাবাদের এক মিল মালিক গান্ধীর পরামর্শ চেয়েছিলেন, কারণ তাঁর মিল প্রাঙ্গণে ৬০টি পথকুকুর জলাতঙ্কে আক্রান্ত হয়ে ঘুরছিল।

ছবি- সংগৃহীত
শেষ আপডেট: 14 August 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: অহিংসার পথিকৃৎ মহাত্মা গান্ধী, তাঁর ভাবনা বিস্তৃত ছিল হিটলারের জার্মানি থেকে ভবিষ্যতের ইজরায়েল পর্যন্ত। কিন্তু খুব কম লোকই মনে রাখেন, পথকুকুর নিয়েও তাঁর দৃঢ় দৃষ্টিভঙ্গি ছিল। সেই কারণে তিনি বর্তমান পরিস্থিতিতে ফের উঠে এলেন চর্চায়। সোমবার দিল্লি-এনসিআরের পথকুকুরদের আশ্রয়কেন্দ্রে পাঠানো ও নির্বীজনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গান্ধী নিজেকে কুকুরপ্রেমী বলতেন, তবে তিনি মনে করতেন, মালিকবিহীন বা বিপজ্জনক কুকুর সমাজের জন্য হুমকি এবং এমন পরিস্থিতিতে ‘দায়িত্ববশত হত্যা’ও প্রয়োজন হতে পারে।
১৯২৬ সালে আমদাবাদের এক মিল মালিক গান্ধীর পরামর্শ চেয়েছিলেন, কারণ তাঁর মিল প্রাঙ্গণে ৬০টি পথকুকুর জলাতঙ্কে আক্রান্ত হয়ে ঘুরছিল। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অহিংসার মূলনীতি মাথায় রেখেই গান্ধীর উত্তর ছিল বাস্তবসম্মত ও নিরপেক্ষ। পরে ইয়ং ইন্ডিয়া-য় গান্ধী লিখেছিলেন, 'পথে ঘুরে বেড়ানো কুকুর কোনও সভ্যতা বা সহানুভূতির প্রমাণ নয়, বরং তা সমাজের অজ্ঞতা ও অলসতার চিহ্ন।'
তাঁর মতে, কুকুর বিশ্বস্ত সঙ্গী, তাদের যত্ন ও মর্যাদার সঙ্গে রাখা উচিত, রাস্তায় ছেড়ে দেওয়া নয়। পথকুকুরের প্রতি সহানুভূতি মানে নিজের কাছে রাখা বা কোনও আশ্রয়কেন্দ্রকে সাহায্য করা। নইলে, গান্ধীর ভাষায়, 'এই প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, অন্য প্রাণীর সেবায় মন দিন।'
তিনি কখনও নির্বিচারে হত্যা সমর্থন করেননি। তাঁর নীতি ছিল, ‘দায়িত্ববশত হত্যা’। 'যখন রাষ্ট্র বা সমাজ তাদের দেখভাল করে না, আর আপনি নিজেও দায়িত্ব নিতে প্রস্তুত নন, তখন যদি তারা সমাজের জন্য বিপদ হয়ে ওঠে, তাদের হত্যা করে দগ্ধে, না খেতে পেয়ে মৃত্যু বরণ করা থেকে মুক্তি দেওয়া উচিত,' বলেছিলেন তিনি।
গান্ধীর মতে, ভুল ‘অহিংসা’ বোঝার ফলেই পথকুকুরের এই করুণ দশা। তিনি সতর্ক করেছিলেন, রাস্তার কুকুর নিয়ে হাত গুটিয়ে বসে থাকলে এক সময় সমাজকে নির্বীজন বা হত্যার মতো পথ বেছে নিতে হবে। যেমন আমদাবাদের সেই মিল মালিকের দ্বন্দ্ব, 'মেরে ফেললে পাপ, না মারলে আরও বড় পাপ।'
এমনকি ২০১৫ সালে পশুহত্যা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গান্ধীর উদ্ধৃতি দিয়েছিলেন সিনিয়র আইনজীবী দুষ্যন্ত দেভে। বলেছিলেন 'যখন তারা সমাজের জন্য হুমকি, হত্যা ন্যায্য।' গান্ধীর সার কথা, সহানুভূতি মানে শুধু প্রাণীপ্রেম নয়, সমাজের প্রতিও দায়িত্ব। যতক্ষণ সম্ভব রক্ষা করো, কিন্তু প্রকৃত বিপদের মুখে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এটাই অহিংসার সঠিক অর্থ।