১০ অক্টোবরের ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জীবন গৌড়া ওই কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন, আর নির্যাতিতা সপ্তম সেমিস্টারের।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 October 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল ক্লাসমেটের বিরুদ্ধে। অভিযুক্তের নাম জীবন গৌড়া। বুধবার তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যুবক ধর্ষণের পর 'পিল' অর্থাৎ ওষুধ সেবনের পরামর্শ দেন।
১০ অক্টোবরের ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জীবন গৌড়া ওই কলেজের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন, আর নির্যাতিতা সপ্তম সেমিস্টারের। ঘটনার পাঁচ দিন পর, ১৫ অক্টোবর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ৬৪ নম্বর ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, জীবন ও ওই ছাত্রী আগে একই ক্লাসে পড়তেন। পরে জীবন পড়াশোনায় পিছিয়ে পড়ায় এক সেমিস্টার পিছিয়ে যান। ঘটনার দিন দুপুরে নির্যাতিতা কিছু জিনিস নেওয়ার জন্য তাঁর সঙ্গে দেখা করেন। এরপর দুপুরের খাবারের বিরতির সময় তিনি নির্যাতিতাকে বারবার ফোন করে সপ্তম তলার আর্কিটেকচার ব্লকের কাছে দেখা করতে বলেন।
সেখানে জীবন যাত্রীকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সরে যাওয়ার চেষ্টা করলে পিছু নেন, ষষ্ঠ তলায় গিয়ে একটি পুরুষদের টয়লেটে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এফআইআরে উল্লেখ করা হয়েছে, টয়লেটের দরজা বন্ধ করে দেন জীবন, ওই সময় নির্যাতিতার ফোন বেজে উঠলে সেটিও কেড়ে নেন। দুপুর দেড়টা থেকে ১টা ৫০-এর মধ্যে এই ঘটনাটি ঘটে।
ছাত্রী এরপর প্রথমে দু’জন বন্ধুর কাছে বিষয়টি জানান। জীবন তাঁকে ফোন করে জিজ্ঞাসা করেন, 'তোমার কি ওষুধ দরকার?' (পিল বোঝাতে)। প্রথমে ভয়ে পুলিশে অভিযোগ জানাতে পারেননি নির্যাতিতা। পরে বাবা-মাকে জানান এবং তাঁদের সঙ্গে হনুমন্থনগর থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনার পুনর্গঠন (ক্রাইম সিন রিকনস্ট্রাকশন) করা হয়েছে। তবে ঘটনাস্থল অর্থাৎ কলেজের সেই তলায় কোনও সিসিটিভি ক্যামেরা না থাকায় প্রমাণ সংগ্রহে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ফরেনসিক ও ডিজিটাল প্রমাণ পরীক্ষা করা চলছে।
এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতর, রাজ্যের বিরোধী দল বিজেপি সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে। কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক এক বিবৃতিতে বলেছেন, 'রাজ্যে আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। গত চার মাসে রাজ্যে ৯৭৯টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১১৪টি কেবল বেঙ্গালুরুর। চরম আতঙ্কে মহিলা ও শিশুরা। সরকারের উদাসীনতা নিন্দনীয়।'
তিনি জানান, এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি লিখে একটি তদন্তকারী দল পাঠানোর অনুরোধ করেছেন। শেষে বলেন, 'আমাদের মা-বোনেরা যখন নিরাপদ নয়, বিজেপি নীরব থাকবে না। রাজ্য সরকারকে এর জবাব দিতে হবে এবং দ্রুত পদক্ষেপ করতে হবে।'
এনিয়ে ওই কলেজের তরফে এখনও কিছু জানানো হয়নি।