প্রায় ২৫ বছর পুরনো ওই বোয়িং বিমানে জেনারেল ইলেক্ট্রিক সিএফ৬ ইঞ্জিন রয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘটনার তদন্ত শুরু করেছে।

আগুন লাগার যে ভিডিও ছড়িয়ে পড়েছে তার ছবি
শেষ আপডেট: 20 July 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: মাঝআকাশে আতঙ্ক। ডেল্টা বিমানের ইঞ্জিনে আগুন। কোনওমতে জরুরি অবতরণ করতে হল যাত্রীবাহী বিমানটিকে। শুক্রবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর (LAX) থেকে টেক অফের পর আতলান্টাগামী ডেল্টা ফ্লাইট DL446-এর বাঁদিকের ইঞ্জিনে আচমকা আগুন ধরে যায়।
ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মাঝআকাশে থাকা বোয়িং ৭৬৭-৪০০ মডেলের বিমানটির (রেজিস্ট্রেশন নম্বর N836MH) বাঁ দিকের ইঞ্জিন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোচ্ছে। পাইলট সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝতে পেরে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে জরুরি অবতরণের জন্য বার্তা পাঠান। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের দিকে ঘুরিয়ে অবতরণ করানো হয়।
লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার পর ডাউনি এবং প্যারামাউন্ট শহরের উপর দিয়ে ঘুরে এসে অবতরণ করে। এই সময় বিমানের উচ্চতা ও গতি পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। বিমানে থাকা যাত্রীদের অনেকে জানান, ককপিট থেকে ক্যাপ্টেন ঘোষণা করেছিলেন, 'ফায়ার ক্রু এসে নিশ্চিত করছিল ইঞ্জিনের আগুন নিভেছে কি না।' অবশেষে রানওয়েতে নামার পর বিমানবন্দরের দমকল কর্মীরা দ্রুত আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলেন।
ডেল্টা এয়ারলাইন্সের বিবৃতি অনুযায়ী, 'উড়ানোর কিছুক্ষণের মধ্যেই বিমানটির বাঁদিকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ফলে বিমানটি অবিলম্বে ফিরে আসে এবং লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণ করে। যাত্রীদের মধ্যে কেউ আহত হননি।'
প্রায় ২৫ বছর পুরনো ওই বোয়িং বিমানে জেনারেল ইলেক্ট্রিক সিএফ৬ ইঞ্জিন রয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, এ বছরের এপ্রিলে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরেও ডেল্টা ফ্লাইট 1213-এর ইঞ্জিনে আগুন লেগেছিল। সেই সময় এয়ারবাস A330 মডেলের ওই বিমানে ছিলেন ২৮২ জন যাত্রী ও ১২ জন ক্রু। সেই বারও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তবে পরপর এই ধরনের ঘটনার ফলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ডেল্টা। তদন্তের রিপোর্ট সামনে আসার পরই প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন বিমান বিশেষজ্ঞরা।