ইন্ডিগোর (IndiGo) তরফে জানানো হয়েছে, ৬ই ৬২৭১ নম্বর বিমানটি দিল্লি থেকে গোয়ার মানোহর আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি ‘যান্ত্রিক ত্রুটি' ধরা পড়ে। এরপর সব প্রোটোকল মেনেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি মুম্বইয়ে ঘুরিয়ে আনা হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 July 2025 00:08
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাওয়ার পথেই বিপত্তি! মাঝ আকাশে ইন্ডিগো বিমানের (IndiGo Flight emergency landing) একটি ইঞ্জিন আচমকাই বন্ধ হয়ে যায়। তড়িঘড়ি মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয় যাত্রীবাহী বিমানটির। কী কারণে এই গোলযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে বলেই মনে করছে বিমান সংস্থা।
সূত্রে খবর, বুধবার রাত ৯টা ২৫ মিনিটে বিমানটি যখন মহারাষ্ট্রের আকাশপথ ছুঁয়েছিল সেইসময়েই পাইলট ককপিট থেকে ‘ফুল এমারজেন্সি’ ঘোষণা করেন। তার ১৭ মিনিট পর, রাত ৯টা ৪২-এ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটিকে (IndiGo Flight emergency landing) ।
ইন্ডিগোর (IndiGo) তরফে জানানো হয়েছে, ৬ই ৬২৭১ নম্বর বিমানটি দিল্লি থেকে গোয়ার মানোহর আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি ‘যান্ত্রিক ত্রুটি' ধরা পড়ে। এরপর সব প্রোটোকল মেনেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি মুম্বইয়ে ঘুরিয়ে আনা হয়।
সংস্থার এক মুখপাত্র জানান, 'এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা যাত্রীদের যে অসুবিধার হয়েছে তার জন্য দুঃখিত। যাত্রী, কর্মী ও বিমানের নিরাপত্তাই ইন্ডিগোর সর্বোচ্চ অগ্রাধিকার।' ঘটনার পর, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে অন্য একটি বিমান পাঠানো হয়। আর ইঞ্জিন বিকল হওয়া বিমানটিকে মেরামতের জন্য পাঠানো হয়েছে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, সব যাত্রীই সুস্থ রয়েছেন। কারও কোনও চোট লাগেনি। তবে মাঝ আকাশে ইঞ্জিন বিকলের ঘটনায় ফের একবার বাণিজ্যিক বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।