এর আগে ২০২৪ সালের রাষ্ট্রীয় সফরেও ইউপিআই দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন ম্যাক্রোঁ। জয়পুরে স্থানীয় একটি দোকানে প্রধানমন্ত্রী মোদী যখন মোবাইল ফোনে বিল পরিশোধ করেন, তখন সেই প্রক্রিয়া কাছ থেকে দেখেন ফরাসি প্রেসিডেন্ট।

ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 19 February 2026 12:27
দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লিতে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের (AI Impact Summit) মঞ্চে দাঁড়িয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামোর (Digital India) ভূয়সী প্রশংসা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। বিশেষ করে দেশের তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা - ইউপিআই (UPI) নিয়ে তিনি বলেন, “একশো চল্লিশ কোটির মানুষের জন্য যে ডিজিটাল পরিচয় তৈরি করা হয়েছে, তা পৃথিবীর আর কোনও দেশ তৈরি করতেই পারেনি।”
নিজের ভাষণের শুরুতেই অতীতের একটি চিত্র তুলে ধরেন ম্যাক্রোঁ। তাঁর কথায়, “দশ বছর আগে মুম্বইয়ের এক পথবিক্রেতার পক্ষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব ছিল না - ঠিকানা নেই, কাগজপত্র নেই, সুযোগও নেই। আজ সেই মানুষই মোবাইল ফোনে সারা দেশ থেকে মুহূর্তে, বিনা খরচে অর্থ গ্রহণ করছেন।” এই মন্তব্যে সভাকক্ষ জুড়ে করতালি ওঠে।
ভারতে আমন্ত্রণ জানানোর (India Tour) জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোঁ বলেন, এই সম্মেলন বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর কথায়, “আবার এখানে ফিরে আসতে পেরে ভাল লাগছে।”
এর আগে ২০২৪ সালের রাষ্ট্রীয় সফরেও ইউপিআই (UPI Transaction) দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন ম্যাক্রোঁ। জয়পুরে স্থানীয় একটি দোকানে প্রধানমন্ত্রী মোদী যখন মোবাইল ফোনে বিল পরিশোধ করেন, তখন সেই প্রক্রিয়া কাছ থেকে দেখেন ফরাসি প্রেসিডেন্ট। হাওয়া মহলের কাছে একটি দোকানের বাইরে কুলহড়ে চা খাওয়ার সময় মুহূর্তের মধ্যে অর্থপ্রদানের নিশ্চিত বার্তা পৌঁছে যায় দোকানির কাছে। তখন ইউপিআইয়ের গতি, সরলতা ও ব্যাপ্তি নিয়ে ব্যাখ্যা দেন মোদী।
২০২৩ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, খুব শিগগিরই ফ্রান্সে ইউপিআই (France UPI) ব্যবহার করতে পারবেন ভারতীয় পর্যটকরা। সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ফ্রান্স ভারতের এই ডিজিটাল লেনদেন ব্যবস্থা গ্রহণ করে। ভারতের ডিজিটাল পেমেন্ট সংস্থা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এবং ফরাসি সংস্থা লাইরার মধ্যে অংশীদারিত্বের ফলে ফ্রান্সজুড়ে বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে ইউপিআই গ্রহণযোগ্যতা তৈরি হয়।
ফলে ফ্রান্সে থাকা ভারতীয় পর্যটক ও পড়ুয়ারা নিজেদের ইউপিআই অ্যাপ ব্যবহার করেই নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন। ম্যাক্রোঁর ধারাবাহিক প্রশংসা ইঙ্গিত দিচ্ছে, অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের উদাহরণ হিসেবে ভারতের ডিজিটাল পরিকাঠামো এখন বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব পাচ্ছে।