অবিরাম বৃষ্টি থামার পূর্বাভাসের অপেক্ষা বাণিজ্য নগরীর মানুষ। প্রশাসনকে চিন্তায় ফেলেছে, একই সঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা।

ভারী বৃষ্টিতে স্তব্ধ মুম্বই
শেষ আপডেট: 19 August 2025 11:14
দ্য ওয়াল ব্যুরো: স্তব্ধ মুম্বই (Mumbai Heavy Rain)। প্রশাসনের পরামর্শ, বাড়িতেই থাকুন। পরিস্থিতি কোনদিকে গড়াবে কিছুই বলা যাচ্ছে না। অবিরাম বৃষ্টি থামার পূর্বাভাসের অপেক্ষা বাণিজ্য নগরীর মানুষ। প্রশাসনকে চিন্তায় ফেলেছে, একই সঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। আবহাওয়া দফতরকে (Weather Update Mumbai) মহারাষ্ট্র সরকার এই ব্যাপারে বাড়তি সতর্ক করেছে, কোনও ধরনের আভাস পাওয়া মাত্র জানাতে। রাজ্য সরকার দিল্লির মৌসম ভবনের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে আগাম তথ্য পাওয়ার জন্য।
সোমবার প্রায় গোটা মুম্বই জেগে কাটিয়েছে। রাতভর বৃষ্টিতে কী পরিস্থিতি তৈরি হয় এই আশঙ্কায় বেশিরভাগ মানুষ চোখের পাতা এক করেননি। ভোরে মোবাইলে বৃহণমুম্বই পুর নিগমের বাক্ল মেসেজ ঢোকে নগরবাসীর কাছে। তাতে বলা হয়েছে, খুব জরুরি কোনও কাজ এবং অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানের কাজে যুক্ত না থাকলে দিনটা বাড়িতেই কাটান।
সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। বন্ধ রাখতে বলা হয়েছে সরতারি-বেসরকারি অফিস। কর্মচারীদের বলা হয়েছে বাড়ি থেকে কাজ করুন। বেসরকারি সংস্থাগুলিকে বলা হয়েছে, কর্মচারীদের ওয়ার্ক ফ্রম করার অনুমতি দিন। ২০০৫ সালে বিপর্যয় মোকাবিলা আইনে পুরনিগম এই নির্দেশিকা জারি করে বলেছে, এই নির্দেশ পালন বাধ্যতামূলক।
কেন এমন যুদ্ধকালীন সতর্কতা জারি করল সরকার ও পুরসভা। সরকারি সূত্রে জানা যাচ্ছে, শহরের বেশিরভাগ এলাকা কোমর সমান জলে ডুবে আছে। বৃষ্টি থামলেও সেই জল নামতে দশ-বারো ঘণ্টা লেগে যাবে। কারণ লাগোয়া সমুদ্রের জোয়ার-ভাটার উপর নির্ভর করে জল নিষ্কাষণ। তারমধ্যে বোঝার উপর শাঁকের আটির মতো সমুদ্রের জলোচ্ছাসের সম্ভাবনা তো আছেই।
গত দু’দিন যাবত অবিরাম বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরীতে। কয়েক লাখ মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। রাস্তায় জমা জলে থমকে আছে শত শত গাড়ি। লাইনে জল জমে থাকায় দু’দিন ধরে ট্রেন চলাচল অনিয়মিত। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাটছে বাণিজ্য নগরীর প্রতিটি মুহূর্ত।