এই বিপুল সম্পত্তি নিলামে তোলা হতে পারে আদালতের ছাড় মিললে— এমনই ইঙ্গিত তদন্তকারী সংস্থার।

ফাইল ছবি।
শেষ আপডেট: 7 November 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: এক সময় যিনি ছিলেন ভারতের অন্যতম ধনকুবের, এখন সেই অনিল অম্বানী (Anil Ambani) ফের আর্থিক জটিলতায় জড়ালেন। ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পর ফের তাঁকে তলব করল ইডি (ED)। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র ঋণ সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় আগামী ১৪ নভেম্বর তাঁকে হাজির হতে বলা হয়েছে।
সূত্রের খবর, এই মামলায় ইতিমধ্যেই মুম্বই-সহ দেশের বিভিন্ন জায়গায় রিলায়েন্স গ্রুপের একাধিক সম্পত্তিতে অভিযান চালিয়েছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নথি ও ডিজিটাল রেকর্ড। সোমবারই বাজেয়াপ্ত করা হয় ধীরুভাই অম্বানী নলেজ সিটি, যা ১৩২ একর জমির উপরে গড়ে ওঠা একটি ইন্ডাস্ট্রিয়াল হাব। বাজারমূল্য প্রায় ৪৪৬২ কোটি টাকা! তার আগে, ৩১ অক্টোবর ইডি বাজেয়াপ্ত করেছিল আরও ৩,০০০ কোটি টাকার সম্পত্তি।
এই বিপুল সম্পত্তি নিলামে তোলা হতে পারে আদালতের ছাড় মিললে— এমনই ইঙ্গিত তদন্তকারী সংস্থার।
তবে এ প্রথম নয়। এর আগেও অনিল অম্বানীকে এই একই মামলায় ৫ অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেদিন প্রায় ৮ ঘণ্টা একটানা প্রশ্নবাণের মুখে পড়েছিলেন তিনি। ইডির প্রশ্ন— বিদেশে তাঁর কত সম্পত্তি রয়েছে, কোম্পানির টাকা কোথায় কীভাবে লেনদেন হয়েছে, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের ব্যবহার ঠিক কীভাবে হয়েছে— একের পর এক আর্থিক প্রশ্নে বিপাকে পড়েছিলেন অনিল।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনিল অম্বানী ও তাঁর সংস্থার ৪০,০০০ কোটি টাকারও বেশি ঋণ বকেয়া রয়েছে, যা ২০১০ সাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে তোলা হয়েছিল। অভিযোগ, এক ব্যাঙ্কের ঋণ শোধ করতে অন্য ব্যাঙ্কের কাছ থেকে নতুন ঋণ নেওয়া হয়েছে— আর সেই লেনদেনের জালই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।
ধনকুবের থেকে দেউলিয়া, আর এখন তদন্তের চক্রবুহ্যে— এক সময়ের রিলায়েন্স সাম্রাজ্যের উত্তরাধিকারী অনিল অম্বানীর জীবন যেন একেবারেই বলিউডি রোমাঞ্চে ভরা!