সরকারের পদক্ষেপ নিয়ে প্রহ্লাদ জোশী জানান, ভোক্তা বিষয়ক দফতর ইতিমধ্যেই COD চার্জ সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছে এবং বিশদ তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 October 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: ক্যাশ অন ডেলিভারি (COD)-সহ নানা অজুহাতে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা নিলে ই-কমার্স প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
মন্ত্রী জানান, এ ধরনের বাড়তি চার্জ আরোপ করা হল এক ধরনের 'ডার্ক প্যাটার্ন', যা ক্রেতাদের বিভ্রান্ত করে এবং স্বচ্ছ ব্যবসার নীতি লঙ্ঘন করে।
ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। এক ব্যবহারকারী X (পূর্বতন টুইটার)-এ অভিযোগ করেন যে, ই-কমার্স কোম্পানিগুলি প্রায়ই 'অফার হ্যান্ডলিং ফি', 'পেমেন্ট হ্যান্ডলিং ফি' ও 'প্রোটেক্ট প্রমিস ফি'-র মতো বিভিন্ন গোপন চার্জ যোগ করে দিচ্ছে। তিনি তুলনা টানেন কিছু ফুড ডেলিভারি অ্যাপের বিতর্কিত 'রেইন ফি'-এর সঙ্গে।
পোস্টটিতে লেখা ছিল: “Zomato/Swiggy/Zepto-র রেইন ফি ভুলে যান। Flipkart-এর মাস্টারস্ট্রোক দেখুন। ডিসকাউন্ট দেওয়ার জন্য ‘অফার হ্যান্ডলিং ফি’? টাকা নেওয়ার জন্য ‘পেমেন্ট হ্যান্ডলিং ফি’? আর ‘প্রোটেক্ট প্রমিস ফি’ দিয়ে আমাকে কোন বিপদ থেকে বাঁচাচ্ছেন? সন্তুষ্টি থেকে?”
সরকারের পদক্ষেপ নিয়ে প্রহ্লাদ জোশী জানান, ভোক্তা বিষয়ক দফতর ইতিমধ্যেই COD চার্জ সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়েছে এবং বিশদ তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, “প্ল্যাটফর্মগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোক্তার অধিকার লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতের ক্রমবর্ধমান ই-কমার্স খাতে স্বচ্ছতা ও ন্যায্য প্র্যাকটিস বজায় রাখাই সরকারের লক্ষ্য।”
সরকার শুধু বাড়তি চার্জ নয়, ই-কমার্স কোম্পানিগুলি আসলেই পণ্যের উপর GST হ্রাসের সুবিধা গ্রাহকদের দিচ্ছে কি না, তাও নজরে রাখছে।
ভোক্তা বিষয়ক দফতর জানিয়েছে, ন্যাশনাল কনজিউমার হেল্পলাইনের মাধ্যমে ইতিমধ্যেই ৩,৯৮১টি GST সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া এফএমসিজি পণ্য শ্যাম্পু, ডাল, নিত্যপ্রয়োজনীয় জিনিসে কর হ্রাসের সুফল ভোক্তাদের দেওয়া হচ্ছে কি না, তা-ও দেখা হচ্ছে।
প্রহ্লাদ জোশী বলেন, “CCPA নিবিড়ভাবে অভিযোগ খতিয়ে দেখছে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তাদের ভুল তথ্য থেকে সুরক্ষিত রাখা এবং GST সংস্কারের সুফল প্রত্যেক ভারতীয়ের কাছে পৌঁছে দেওয়া আমাদের অঙ্গীকার।”
সেপ্টেম্বরে ভারতের GST সংগ্রহ পৌঁছেছে ১.৮৯ লক্ষ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৯.১% বেশি। এটি গত চার মাসের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি।
কর্তৃপক্ষের দাবি, কর হ্রাসের সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছালে অভ্যন্তরীণ চাহিদা আরও বাড়বে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হবে।