তরুণী জানান, তিনি সবে বাজার করতে বেরিয়েছেন, তখনই রাস্তার পাশে কিছু মাতাল যুবক ঝগড়া করছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 June 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ বেঙ্গালুরুর (Bengaluru) রেনুকা ইয়েল্লাম্মা লে-আউটের কাছে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে শ্লীলতাহানি (Woman Assault) করার অভিযোগ উঠল ৪-৫ জন যুবকের বিরুদ্ধে। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি। শুধু শ্লীলতাহানি নয়, প্রতিবাদ করায় ওই তরুণীকে মারধর করা হয় বলেও অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে (CCTV Footage) পুরো ঘটনাটি।
ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ, আনেকাল তালুকের মাইলাসন্দ্রার কাছে, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এলাকাটি ব্যানারঘাটা থানার অন্তর্গত। অভিযোগকারিণীর কথায়, “ওরা মদ খেয়ে ছিল, আমাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্থা করেছে”। ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। তরুণী জানান, তিনি সবে বাজার করতে বেরিয়েছেন, তখনই রাস্তার পাশে কিছু মাতাল যুবক ঝগড়া করছিল। তিনি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ওরা তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে, ঘিরে ধরে, এমনকি ছোঁয়ার চেষ্টা করে।
তরুণীর কথায়, “ওরা মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল। আমি প্রতিবাদ করায় ওরা আমাকে মারধর করে। আমি আত্মরক্ষায় একজনকে লাথি মারি।” অভিযোগ, এরপর আশপাশের কয়েকজন বাসিন্দা এগিয়ে এলে তাঁদেরও মারধর করে দুষ্কৃতীরা।তরুণী আরও জানিয়েছেন, তিনি সবে এক সপ্তাহ হল ওই এলাকায় থাকতে শুরু করেছেন এবং অভিযুক্তদের আগে থেকে চিনতেন না।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে এসে ফের এলাকায় তাণ্ডব চালায় ওই যুবকরা। তরুণীকেও মারতে উদ্যত হয়। যদিও স্থানীয়দের সাহায্যে তরুণী সেদিনের মতো পালাতে সক্ষম হন। তরুণী পুলিশকে জানান, অভিযুক্তদের একজন পরে তাঁর বাড়ির গেট পর্যন্ত এসে হুমকি দেয়। সেই রাতেই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে এখনও পর্যন্ত সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ ছিল।
বেঙ্গালুরু পুলিশ অবশ্য জানিয়েছে, মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আরও দু’তিন জনকে সিসিটিভিতে শনাক্ত করা গিয়েছে। তাঁদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।