
ফাইল ছবি
শেষ আপডেট: 7 February 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: মাদক পাচারের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার চার ব্যক্তি। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে নবি মুম্বই থেকে তাদের গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের থেকে যে পরিমাণ মাদক বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে ১১.৫৪০ কেজি কোকেন, ২০০ প্যাকেট গাঁজা এবং ৪.৯ কেজি চরস। যার আনুমানিক বাজারদর প্রায় ২০০ কোটি টাকার মতো।
শুক্রবার এনসিবির তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে বসেই কেউ এই মাদক পাচারের সিন্ডিকেট চালাচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে কুরিয়ার, কার্গো পরিষেবা বা মানুষের শরীরে লুকিয়ে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ মাদক পাচার করা হয়েছিল।
জানা গেছে, গত সপ্তাহেই নবি মুম্বই থেকে বাজেয়াপ্ত হওয়া একটি পার্সেল থেকে ২০০ গ্রাম ওজনের কোকেন বাজেয়াপ্ত হয়। সেটি অস্ট্রেলিয়ায় পাঠানোর ছক ছিল বলে খবর। তারপর থেকেই লাগাতার তল্লাশি চালাতেই মেলে সাফল্য।
তদন্তকারীদের মতে, অভিযুক্ত চারজন লাগাতার আমেরিকার সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ রাখছিল। মাদক পাচারের জন্য তারা ছদ্মনাম ব্যবহার করত বলেও খবর। ধৃতদের জেরা করে সিন্ডিকেটের আনান্য সদস্যদের খোঁজ করা হচ্ছে।