
ডি ওয়াই চন্দ্রচূড়
শেষ আপডেট: 23 September 2024 11:52
দ্য ওয়াল ব্যুরো: শিশুদের নিয়ে তৈরি পর্ন দেখা কিংবা ডাউনলোড করা পকসো আইনে অপরাধ বলে বিবেচ্য হবে। মাদ্রাজ হাইকোর্টের রায় খারিজ করে সোমবার এক ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, এর আগে মাদ্রাজ হাইকোর্ট এক রায়ে বলেছিল, এ ধরনের নীলছবি কিংবা ক্লিপ ডাউনলোড করা অথবা দেখা শাস্তিযোগ্য নয়।
সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ এদিন বলে, মাদ্রাজ হাইকোর্টের এই রায় দিতে গিয়ে গুরুতর ত্রুটি করে ফেলেছে।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্ট চেন্নাইয়ের এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছিল। তাঁর বিরুদ্ধে শিশু-পর্ন দেখা এবং ভিডিও ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। মাদ্রাজ হাইকোর্ট রায়ে জানিয়েছিল, ব্যক্তিগতভাবে এ ধরনের বিষয়ের ছবি দেখা পকসো আইনের এক্তিয়ারে পড়ে না।
এদিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ওই যুবকের বিরুদ্ধে ওঠা ফৌজদারি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। শিশুদের নিয়ে যৌন ছবি তৈরি, দেখা এবং ডাউনলোড করা ছাড়াও তা প্রকাশ করা এবং শেয়ার করা সবই অপরাধ।
এছাড়াও আদালত এদিন কেন্দ্রীয় সরকারকে 'শিশু পর্নোগ্রাফি' শব্দটি সংশোধন করার নির্দেশ দিয়েছে। ওই জায়গায় 'শিশু যৌন নির্যাতন এবং শোষণমূলক বিষয়' শব্দ অন্তর্ভুক্ত করার জন্য আইন সংশোধন করতে বলেছে। একইসঙ্গে দেশের সব আদালতকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এখন থেকে যেন 'শিশু পর্নোগ্রাফি' শব্দটি কোনও মামলায় ব্যবহার না করা হয়।