এই প্রেক্ষিতেই ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ অগস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে, তার সঙ্গে থাকবে অতিরিক্ত জরিমানাও।
.jpg.webp)
নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 30 July 2025 19:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে (India) ‘বন্ধু’ বললেও, কড়া শুল্কের খাঁড়া নেমে এল দিল্লির উপর। ১ অগস্ট থেকে আমেরিকায় (America) রফতানি হওয়া ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (25 percent tariff )বসানোর কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের (India) জ্বালানি ও সামরিক বাণিজ্যের কারণে অতিরিক্ত জরিমানাও ধার্য করা হবে বলে জানিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত বন্ধু হলেও তাদের সঙ্গে আমাদের বাণিজ্য বরাবরই খুব সীমিত। কারণ ভারত পৃথিবীর অন্যতম সর্বোচ্চ আমদানি শুল্ক আরোপ করে এবং সবচেয়ে কঠোর ও অস্বস্তিকর বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করে।”
তিনি আরও লিখেছেন, “ভারত দীর্ঘদিন ধরে তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কেনে এবং চিনের পাশাপাশি ভারত হল রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। যখন সমগ্র বিশ্ব রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে বলছে, তখন ভারতের এই ভূমিকা গ্রহণযোগ্য নয়। তাই ১ অগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক, সঙ্গে অতিরিক্ত জরিমানা কার্যকর করা হবে। বিষয়টির দিকে মনোযোগ দিন। মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) MAGA!”
এর আগেই ইঙ্গিত মিলেছিল এই ঘোষণার। গত সপ্তাহে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম হুঁশিয়ারি দিয়েছিলেন, যেসব দেশ এখনও রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপরে ট্রাম্প প্রশাসন কড়া শুল্ক চাপাবে। নাম করে বলা হয়েছিল ভারত, চিন ও ব্রাজিলের কথা।
এদিকে ন্যাটো প্রধান মার্ক রুটে-ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধে ভারত-চিন-ব্রাজিলকে কড়া বার্তা দেন। ১০০ শতাংশ শুল্ক ও নতুন নিষেধাজ্ঞার কথাও তোলেন তিনি।
ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আবহেই এলো এই ঘোষণাটি। কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, “ভারত ভাল বন্ধু, কিন্তু এত উচ্চ শুল্ক নেওয়া যায় না।” যদিও ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট করেছিলেন, “ভারত কখনও কোনও ডেডলাইন মেনে চুক্তিতে সই করে না— কেবল জাতীয় স্বার্থে চূড়ান্ত হলে তবেই মেনে নেবে।”
ট্রাম্প প্রশাসন আগেই ঘোষণা করেছিল, ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক চাপানো হবে। তখন ভারতকে ২৬ শতাংশ শুল্ক দেওয়ার তালিকায় রাখা হয়েছিল। পরে চুক্তির সুযোগ দিতে ৯০ দিনের অবকাশ দেওয়া হয়। তার মেয়াদ শেষ হওয়ার পরে ১ অগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হতে চলেছে।
এই ঘোষণা ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল। এখন দেখার, ভারত কেমন প্রতিক্রিয়া জানায় এই সিদ্ধান্তের প্রেক্ষিতে।