ঘটনার পর মৃত ছাত্রের পরিবার সরাসরি নন্দিনী কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ তুলে জানিয়েছেন, প্রথমে অভিনেত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেও পরে হাসপাতালের খোঁজখবর নেননি।

নন্দিনী কাশ্যপ (ফাইল ছবি)
শেষ আপডেট: 30 July 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় গুয়াহাটি এক পলিটেকনিক পড়ুয়ার। ঘটনায় গ্রেফতার করা হল অসমের জনপ্রিয় এই অভিনেত্রীকে। পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনাকে হিট অ্যান্ড রান মামলা হিসেবে গণ্য করা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ২৪ জুলাই গভীর রাতের। পুলিশ জানিয়েছে, রাত ৩টে নাগাদ, গুয়াহাটির দাখিংগাঁও এলাকায় সামিউল হক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তিনি নলবাড়ি পলিটেকনিক কলেজের ছাত্র, পাশাপাশি গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আংশিক সময় কাজ করতেন।
ওই দিন রাতে অভিনেত্রীর স্করপিও সামিউলকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা মারার পর গাড়িটি একবারও না থেমে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সামিউলকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় গভীর আঘাত, পা ভেঙে গিয়েছিল। চিকিত্সকেরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
এই ঘটনার পর মৃত ছাত্রের পরিবার সরাসরি নন্দিনী কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ তুলে জানিয়েছেন, প্রথমে অভিনেত্রী তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেও পরে হাসপাতালের খোঁজখবর নেননি।
ঘটনার তদন্ত শুরু করে গুয়াহাটি পুলিশ। স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর, বুধবার রাত দেড়টা নাগাদ পুলিশ অভিনেত্রীকে গ্রেফতার করে।
নন্দিনীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তবে অভিনেত্রী এই ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
সামিউলের পরিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। সমাজের একাংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। এখন দেখার, তদন্তে কী উঠে আসে।