দিল্লি-ডিমাপুরগামী ইন্ডিগো বিমানে পাওয়ার ব্যাঙ্কে আগুন লাগার পর উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহারে কঠোর নিয়ম আনছে DGCA।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 October 2025 18:29
দ্য ওয়াল ব্যুরো: পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ওঠা যাবে না ফ্লাইটে, দ্রুত কঠোর নিয়ম বসাতে চলেছে ডিজিসিএ। দিল্লি-ডিমাপুরগামী ইন্ডিগো বিমানে আগুন লাগার পর এবার বিমানযাত্রায় লিথিয়াম ব্যাটারি চালিত ডিভাইসের ব্যবহারে বড়সড় নিয়ন্ত্রণ আনতে চলেছে তারা। এখনও সিদ্ধান্ত হয়নি, তবে এই নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর।
রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং চলাকালীনই এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ইন্ডিগোর দিল্লি-ডিমাপুর ফ্লাইটে। সৌভাগ্যবশত, কোনও যাত্রী আহত হননি। দ্রুত উপস্থিত বুদ্ধি খাটিয়ে কেবিন ক্রু সদস্যরা আগুন নিভিয়ে দেন।
এই ঘটনার পর থেকেই উড়ানে লিথিয়াম ব্যাটারি চালিত যন্ত্রপাতির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। DGCA সূত্রে খবর, সংস্থাটি এখন খতিয়ে দেখছে কীভাবে যাত্রীরা ও এয়ারলাইন কর্তৃপক্ষ উড়ানের সময় পাওয়ার ব্যাঙ্ক বহন ও ব্যবহার করেন।
তদন্ত শেষে যদি নিরাপত্তা ঝুঁকি থেকে যায়, তবে DGCA উড়ানের সময় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, ব্যাটারির পাওয়ার ক্যাপাসিটিতে বাধ্যতামূলক সীমা নির্ধারণ, এমনকি বিমানে এই ধরনের ডিভাইস বহনে পুরোপুরি নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ করতে পারে।
অসামরিক বিমান মন্ত্রক (MoCA)-কে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এখন মন্ত্রক ও DGCA মিলিতভাবে নতুন নিরাপত্তা বিধি তৈরির কাজ করছে।
ঘটনার পর এক বিবৃতিতে ইন্ডিগো ওইদিন জানায়, ফ্লাইট 6E 2107, যা ১৯ অক্টোবর দিল্লি থেকে নাগাল্যান্ডের ডিমাপুর যাচ্ছিল, ট্যাক্সিং চলাকালীন এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে স্ফুলিঙ্গ দেখা যায়। তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ করে বিমানটি বেসে ফেরত আনা হয়।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, 'আমাদের কেবিন ক্রু সদস্যরা সংস্থার নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।' ইন্ডিগো আরও জানিয়েছে, সমস্ত প্রোটোকল মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল, প্রয়োজনীয় সব নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি পুনরায় ওড়ার অনুমতি পায়।
এর আগে এই সপ্তাহেই চিনের একটি বিমানে একই রকম ঘটনা ঘটে। হাংজু থেকে সেওলগামী এয়ার চায়নার বিমানে ওভারহেড কম্পার্টমেন্টে রাখা একটি লিথিয়াম ব্যাটারিতে আগুন লাগে। সেই ঘটনাতেও আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ভারতের বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ এখন ইন্ডিগোর ঘটনাকে নজরে রেখে পরবর্তী পদক্ষেপের আশ্বাস দিয়েছে।