DGCA জানায়, এক পাইলট ফুয়েল কন্ট্রোল সুইচের অস্বাভাবিক আচরণের কথা লগবুকে নথিভুক্ত করার পর বিমানটিকে বিশেষ পরীক্ষার জন্য নেওয়া হয় এবং নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়।

শেষ আপডেট: 3 February 2026 18:18
দ্য ওয়াল ব্যুরো: ফুয়েল কন্ট্রোল সুইচের (Air India fuel control switch) অস্বাভাবিক 'আচরণ' নিয়ে এক পাইলটের পর্যবেক্ষণের পর এয়ার ইন্ডিয়া (Air India)-কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। সংস্থাটি জানিয়েছে, যান্ত্রিক কোনও ত্রুটি ধরা পড়েনি। তবে সুইচটিতে ভুল ভাবে চাপ প্রয়োগ করলে অনিচ্ছাকৃতভাবে নড়ে যেতে পারে - এই সম্ভাবনার (aviation safety) কথা উল্লেখ করে ক্রুদের সঠিক অপারেটিং পদ্ধতি নিয়ে প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Air India crew training advisory।
DGCA তাদের X হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে জানায়, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ বিমান (VT-ANX), যা লন্ডন থেকে বেঙ্গালুরু আসছিল (ফ্লাইট AI 132), লন্ডনে ইঞ্জিন স্টার্টের সময় দু’বার দেখা যায় যে হালকা উল্লম্ব চাপ দিলে ফুয়েল কন্ট্রোল সুইচটি ‘RUN’ অবস্থানে দৃঢ়ভাবে ল্যাচ হয়ে থাকছে না। তৃতীয় চেষ্টায় সুইচটি ঠিকমতো ‘RUN’-এ ল্যাচ হয় এবং পরে স্থিতিশীল থাকছে (Boeing 787 fuel switch procedure)।
বিবৃতিতে আরও বলা হয়, বাম ও ডান - দুই দিকের সুইচই পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। লকিং টুথ বা পল সম্পূর্ণভাবে বসে ছিল এবং ‘RUN’ থেকে ‘CUTOFF’-এ স্লিপ করছিল না। বেস প্লেটের সমান্তরালে পূর্ণ জোরে চাপ দিলে সুইচটি স্থিরই থাকে। কিন্তু ভুল কোণ থেকে, বিশেষ করে আঙুল বা বুড়ো আঙুল দিয়ে চাপ দিলে বেস প্লেটের ঢালু গঠনের কারণে সুইচটি সহজেই ‘RUN’ থেকে ‘CUTOFF’-এ সরে যেতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিওও বিশ্লেষণ করেছে DGCA। সেখানে দেখা পদ্ধতিটি বোয়িংয়ের সুপারিশ করা প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানানো হয়েছে। তাই এয়ারলাইন্সকে বোয়িংয়ের নির্ধারিত পদ্ধতি ক্রুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে DGCA জানায়, এক পাইলট ফুয়েল কন্ট্রোল সুইচের অস্বাভাবিক আচরণের কথা লগবুকে নথিভুক্ত করার পর বিমানটিকে বিশেষ পরীক্ষার জন্য নেওয়া হয় এবং নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়। ২০১৭ সালে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হওয়া এই বিমানটির লগবুকে লেখা ছিল: “বাম দিকের কন্ট্রোল সুইচটি হালকা চাপ দিলে ‘RUN’ থেকে ‘CUT OFF’-এ সরে যাচ্ছে, নিজের অবস্থানে ঠিকভাবে লক হচ্ছে না। অন্য কোনও ত্রুটি নেই।”
DGCA কী বলছে?
DGCA জানায়, প্রক্রিয়ার বাকি অংশে যাওয়ার আগে ক্রুরা পরীক্ষা করে নিশ্চিত হন যে সুইচটি ‘RUN’ অবস্থানে ঠিকভাবে ল্যাচ রয়েছে। ইঞ্জিন স্টার্টের সময় বা তার পরে কোনও অস্বাভাবিক ইঞ্জিন প্যারামিটার, সতর্কবার্তা বা সিস্টেম মেসেজ দেখা যায়নি।
ফ্লাইট চলাকালীন ওই সুইচে অপ্রয়োজনীয় স্পর্শ এড়ানো হয় এবং ইঞ্জিনের সূচক ও সতর্কীকরণ ব্যবস্থার উপর নিবিড় নজর রাখা হয়েছিল। কোনও ধরনের সমস্যা ছাড়াই উড়ান সম্পূর্ণ হয়।
বেঙ্গালুরুতে অবতরণের পর ক্রুরা PDR-এ ত্রুটির কথা জানান। এয়ার ইন্ডিয়া বিষয়টি বোয়িংয়ের কাছে পাঠায় পরামর্শের জন্য। বোয়িংয়ের সুপারিশ অনুযায়ী ফুয়েল কন্ট্রোল সুইচের কার্যক্ষমতা যাচাই করা হয়।
বোয়িংয়ের নির্দেশিকা মেনে ‘pull-to-unlock force’ পরীক্ষা করা হয় সংশ্লিষ্ট সুইচে, প্রতিস্থাপনের জন্য প্রস্তুত ফুয়েল কন্ট্রোল ইউনিটে এবং অন্য একটি বিমানের সুইচেও। সব ক্ষেত্রেই এই ফোর্স নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গেছে। এই সমস্ত পরীক্ষা DGCA আধিকারিকদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।