বিমানে সিট চার্জ ও হিডেন খরচে লাগাম টানতে বড় পদক্ষেপ ডিজিসিএ-র। এবার থেকে ৬০% আসন ফ্রি রাখতে হবে, যাত্রী অধিকারেও জোর কেন্দ্রের।

ফ্লাইট
শেষ আপডেট: 18 March 2026 10:34
দ্য ওয়াল ব্যুরো: বিমানে যাতায়াতে যাত্রীদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার থেকে প্রতিটি উড়ানে (Flight) অন্তত ৬০ শতাংশ আসন (Seats) ফ্রি রাখতে হবে—এমনই নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation)। যাত্রীদের অভিযোগ ছিল, টিকিটের বাইরে সিট বাছাইয়ের নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। সেই ‘হিডেন চার্জ’ (Hidden Charges) বন্ধ করতেই এই কড়া পদক্ষেপ।
এই নির্দেশ কার্যকর করতে ডিজিসিএ (DGCA)-র মাধ্যমে এয়ারলাইন সংস্থাগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শুধু সিট চার্জই নয়, একই পিএনআরে (PNR) ভ্রমণ করলে যাত্রীদের একসঙ্গে, সম্ভব হলে পাশাপাশি (Adjacent Seats) বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার বা দলগত ভ্রমণে এই সমস্যা বহুদিনের—বিমানে ওঠার আগেই তা নিয়ে অশান্তির ঘটনাও নতুন নয়।
এখানেই থামেনি নির্দেশিকা। উড়ান বিলম্ব (Delay), বাতিল (Cancellation) বা বোর্ডিংয়ে বাধা (Denial of Boarding)—এই সব ক্ষেত্রে যাত্রীদের অধিকার (Passenger Rights) সুরক্ষিত রাখার উপর জোর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এয়ারলাইনগুলিকে বলা হয়েছে, এই অধিকারগুলি যেন স্পষ্টভাবে তাদের ওয়েবসাইট (Website), মোবাইল অ্যাপ (Mobile App), বুকিং প্ল্যাটফর্ম (Booking Platform) এবং বিমানবন্দরের কাউন্টারে (Airport Counter) দেখানো হয়।
যাত্রীদের দীর্ঘদিনের আরেকটি অভিযোগ ছিল স্পোর্টস সামগ্রী (Sports Equipment), বাদ্যযন্ত্র (Musical Instruments) বা পোষ্য প্রাণী (Pets) বহনের নিয়ম নিয়ে। কোথাও অতিরিক্ত চার্জ, কোথাও অস্পষ্ট নিয়ম—সব মিলিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এবার এয়ারলাইনগুলিকে স্বচ্ছ (Transparent) ও নির্দিষ্ট নীতি (Policy) গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা (Safety) ও পরিচালনাগত (Operational) শর্ত মেনে এই নীতিগুলি তৈরি করতে হবে, তবে তা যেন যাত্রী-বান্ধব (Passenger-friendly) ভাষায় জানানো হয়।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক—যাত্রীদের অধিকার ও পরিষেবার তথ্য আঞ্চলিক ভাষায় (Regional Languages) প্রকাশ করার উপর জোর দিয়েছে ডিজিসিএ। যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সহজে বিষয়গুলি বুঝতে পারেন।
সব মিলিয়ে, বিমানযাত্রায় অস্বচ্ছতা কমিয়ে যাত্রীদের স্বার্থ সুরক্ষায় একগুচ্ছ কড়া পদক্ষেপ করল কেন্দ্র। এখন দেখার, এয়ারলাইন সংস্থাগুলি কত দ্রুত এই নির্দেশ বাস্তবায়ন করে।