এই হত্যাকাণ্ডে কোনও প্রত্যক্ষদর্শী বা প্রাথমিক সূত্র না থাকায় ঘটনাটি ‘ব্লাইন্ড মার্ডার’ হিসাবে চিহ্নিত করে তদন্তে নামে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) দু'টি ধারায় মামলা দায়ের হয়।

দিল্লি পুলিশ
শেষ আপডেট: 16 June 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোন-পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা! বাধা দিতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। দিল্লির (Delhi) অশোক বিহারে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার তদন্তে নেমে তিন কিশোরকে (Minor) গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। নিহতের নাম অমিত কুমার।
পুলিশ সূত্রে খবর, ১০ জুন রাতে আহত অবস্থায় অমিতকে উত্তর-পশ্চিম দিল্লির দীপচাঁদবন্ধু হাসপাতালে ভর্তি করানো হয়। অশোক বিহার থানায় খবর আসার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাসপাতাল সূত্রে জানা যায়, অমিতের ডানদিকে বুকে দু'টি গভীর ছুরির ক্ষত ছিল। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি।
এই হত্যাকাণ্ডে কোনও প্রত্যক্ষদর্শী বা প্রাথমিক সূত্র না থাকায় ঘটনাটি ‘ব্লাইন্ড মার্ডার’ হিসাবে চিহ্নিত করে তদন্তে নামে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) দু'টি ধারায় মামলা দায়ের হয়।
পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখতে শুরু করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়, সক্রিয় করা হয় খোচরদের (Informer)। তারপরই তিন নাবালকের খোঁজ মেলে।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, অমিতের মোবাইল ও পার্স ছিনিয়ে নিতে গিয়েই তাঁকে ছুরি মারে তারা। অমিত বাধা দেওয়ায় রেগে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তারপর তার মোবাইল ফোন, পার্স এবং আইডি কার্ড নিয়ে চম্পট দেয় তিনজন। পরে তাদের কাছ থেকেই উদ্ধার হয় খুনে ব্যবহৃত ছুরি, নিহতের পার্স এবং পরিচয়পত্র।