বোর্ডের তরফে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কোনও স্তরে গাফিলতির প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

শেষ আপডেট: 6 February 2026 15:42
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে জল বোর্ডের (Delhi Jal Board) কাজের জন্য খোঁড়া গভীর গর্তটি খোলা অবস্থাতেই ছিল, সেখানে পড়ে এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু (Delhi Jal Board pit death) ঘিরে প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হয়েছে। দিল্লি জল বোর্ডের গাফিলতির প্রশ্ন ওঠা শুরু হওয়ায় ঘটনাটির গুরুত্ব বুঝে তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির নগরোন্নয়নমন্ত্রী আশিস সুদ।
শুধু তাই নয়, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ইতিমধ্যেই দিল্লি জল বোর্ডের (ডি-জে-বি) তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে (DJB officials suspended)। একইসঙ্গে, দিল্লি জল বোর্ড এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে।
বোর্ডের তরফে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কোনও স্তরে গাফিলতির প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
ডি-জে-বি জানিয়েছে, সব কাজের জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা হয়। পাশাপাশি, নাগরিকদের অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ জায়গার খবর টোল-ফ্রি নম্বর ১৯১৬-এ জানানোর আবেদন জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখে ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তার শেষ মুহূর্তগুলি পুনর্গঠন করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। গর্তের ভিতর থেকে মোটরবাইকটিও উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কমল। দিল্লির কৈলাশপুরীর বাসিন্দা। রোহিণীতে তাঁর অফিস। সেখান থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যান কমল। পরিবার জানায়, শেষ যখন তাঁর সঙ্গে কথা হয়েছিল, তিনি জনকপুরী ডিস্ট্রিক্ট সেন্টার এলাকায় আছেন বলে জানিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। একসময় ফোনও বন্ধ হয়ে যায় বলে দাবি পরিবারের। মধ্যরাত পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় তাঁকে খুঁজতে একাধিক থানায় হন্যে হয়ে ঘুরেছেন, অভিযোগ পরিবারের।
পুলিশ শেষবারের মতো তাঁর লোকেশন সংক্রান্ত তথ্য পরিবারকে জানায়, কিন্তু তাতেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে সাতটা নাগাদ পরিবারকে জানানো হয়, একটি গর্তের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
পরিবারের অভিযোগ, এত ব্যস্ত রাস্তায় কীভাবে এমন বিপজ্জনক গর্ত খোলা অবস্থায় পড়ে থাকতে পারে? এক আত্মীয় বলেন, “দুর্ঘটনা হতে পারে, কিন্তু অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। কেউ ওকে ধাক্কা দিয়েও ফেলতে পারে।”
ঘটনাটিকে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আম আদমি পার্টির সরাসরি এই দায় চাপিয়েছে বিজেপির ওপর। তাদের বক্তব্য, বিজেপির হাতে 'সিস্টেমে'র আগেই মৃত্যু হয়েছে।