সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই মর্মান্তিক পরিণতির ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, গর্তের তলায় তাঁর অ্যাপাচি বাইকটি। তার পাশেই পড়ে রয়েছে নিথর দেহ। মাথায় হেলমেটও রয়েছে তাঁর।

শেষ আপডেট: 6 February 2026 13:13
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) জনকপুরীতে রাস্তার মাঝখানে খোঁড়া একটি বড় গর্তে পড়ে গিয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর (Janakpuri pothole accident)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই মর্মান্তিক পরিণতির ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, গর্তের তলায় তাঁর অ্যাপাচি বাইকটি। তার পাশেই পড়ে রয়েছে নিথর দেহ (Delhi biker found dead in pothole)। মাথায় হেলমেটও রয়েছে তাঁর।
সূত্রের দাবি, দুর্ঘটনাস্থলে দিল্লি জল বোর্ডের (Delhi Jal Board) সঙ্গে যুক্ত নির্মাণকাজ চলছিল এবং সেই কাজের জন্যই রাস্তার ওপর গর্ত খোঁড়া হয়েছিল।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কমল। দিল্লির কৈলাশপুরীর বাসিন্দা। রোহিণীতে তাঁর অফিস। সেখান থেকে ফেরার পথেই নিখোঁজ হয়ে যান কমল। পরিবার জানায়, শেষ যখন তাঁর সঙ্গে কথা হয়েছিল, তিনি জনকপুরী ডিস্ট্রিক্ট সেন্টার এলাকায় আছেন বলে জানিয়েছিলেন। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। একসময় ফোনও বন্ধ হয়ে যায় বলে দাবি পরিবারের। মধ্যরাত পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় তাঁকে খুঁজতে একাধিক থানায় হন্যে হয়ে ঘুরেছেন, অভিযোগ পরিবারের।
পুলিশ শেষবারের মতো তাঁর লোকেশন সংক্রান্ত তথ্য পরিবারকে জানায়, কিন্তু তাতেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে সাতটা নাগাদ পরিবারকে জানানো হয়, একটি গর্তের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।
পরিবারের অভিযোগ, এত ব্যস্ত রাস্তায় কীভাবে এমন বিপজ্জনক গর্ত খোলা অবস্থায় পড়ে থাকতে পারে? এক আত্মীয় বলেন, “দুর্ঘটনা হতে পারে, কিন্তু অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। কেউ ওকে ধাক্কা দিয়েও ফেলতে পারে।”
ঘটনাটিকে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আম আদমি পার্টির সরাসরি এই দায় চাপিয়েছে বিজেপির ওপর। তাদের বক্তব্য, বিজেপির হাতে 'সিস্টেমে'র আগেই মৃত্যু হয়েছে।
সোশ্যাল মিডিয়াতে ক্ষোভের ঝড়
আপ নেতা ও প্রাক্তন বিধায়ক সৌরভ ভরদ্বাজ X-এ লিখেছেন, “স্তম্ভিত করার মতো! এক নিরীহ বাইক আরোহী রাস্তার গভীর গর্তে পড়ে আটকে ছিলেন, সারা রাত সেখানেই পড়ে থেকে মৃত্যু হয়েছে। নয়ডার ঘটনার পরও দিল্লির বিজেপি সরকার কিছুই শেখেনি। প্রতিদিন শুধু মিথ্যে বলছে।”
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কমলের পরিবার রাস্তা ও জল বোর্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের জবাবদিহি দাবি করেছে।
এই প্রসঙ্গেই উঠে আসছে সম্প্রতি নয়ডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথা। ভোরে ঘন কুয়াশার মধ্যে নিজের আবাসনের দিকে মোড় নিতে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার গ্র্যান্ড ভিটারা নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২০ ফুট গভীর ওই গর্তটি ২০২১ সালে একটি শপিং মলের বেসমেন্ট নির্মাণের জন্য খোঁড়া হয়েছিল।
রাস্তা ও গর্তের মাঝখানে একটি নর্দমা ও দু’টি ব্যারিকেড থাকলেও, গাড়িটি সেগুলি টপকে বা ভেঙে জলভরা গর্তে পড়ে বলে পুলিশের অনুমান। সাঁতার না জানা যুবরাজ প্রায় দেড় ঘণ্টা জীবিত ছিলেন। ফোন পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছন তাঁর বাবা। পরে পুলিশ, দমকল ও এসডিআরএফ আসে। কিন্তু ঘন কুয়াশার কারণে তল্লাশি ব্যাহত হয় এবং শেষ পর্যন্ত যুবরাজের মৃত্যু হয়।