হট্টগোল শুনে তাঁদের ছেলে নীচে নেমে এলে, দুষ্কৃতীরা তাকেও ধরে বাইরে রাস্তায় নিয়ে যায়। অভিযোগ, সেখানেই তাঁকে নগ্ন করে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।

দিল্লির প্রকাশ্য রাস্তায় পরিবারকে হামলা
শেষ আপডেট: 5 January 2026 14:53
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লক্ষ্মী নগরে প্রকাশ্যে ঘটে গেল ভয়াবহ নির্যাতন। এক ব্যক্তির উপর চড়াও হয়ে মারধর (Man Thrashed), তাঁর স্ত্রীকে শ্লীলতাহানি করে দুষ্কৃতীদের দল (Wife Molested And Son Stripped)। এমনকি দম্পতির ছেলেকে নগ্ন করে হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে (2 arrested)।
ঘটনাটি গত ২ জানুয়ারির। পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত রাজেশ গর্গের (Rajesh Garg) বাড়ির নীচে একটি জিম আছে। তাঁর স্ত্রীর সঙ্গে মিলেই এই ব্যবসা করেন তিনি। অভিযোগ, জিমের কেয়ারটেকার সতীশ যাদব প্রতারণা করে জিমের দখল নিতে চাইছিলেন। বহুদিন ধরেই সতীশ মালিকানা দাবি করছিলেন বলে জানিয়েছেন রাজেশের স্ত্রী।
গত শুক্রবার রাজেশ এবং তাঁর স্ত্রী বেসমেন্টে জলের লাইনের সমস্যা দেখতে যান। সেই সময় সতীশ যাদব (Satish Yadav) দলবল নিয়ে সেখানে উপস্থিত হন। অভিযোগ, দুষ্কৃতীদের সঙ্গে কথা কাটাকাটি হতেই তারা রাজেশ গর্গকে ঘিরে ধরে মারধর শুরু করে। পরপর ঘুষি ও লাথির আঘাতে গুরুতর জখম হন তিনি। এমনকি তাঁর স্ত্রীকেও টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।
হট্টগোল শুনে তাঁদের ছেলে নীচে নেমে এলে, দুষ্কৃতীরা তাকেও ধরে বাইরে রাস্তায় নিয়ে যায়। অভিযোগ, সেখানেই তাঁকে নগ্ন করে পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। ছেলের মাথায় আঘাত লাগে এবং তাঁর একটি দাঁত ভেঙে যায়।
পুলিশের কাছে এফআইআর-এ রাজেশের স্ত্রী জানিয়েছেন, দুষ্কৃতীরা তাঁর চুল ধরে টেনে নিয়ে যায়, মুখে ঘুষি মারে এবং বাড়ির বাইরে ধাক্কা মেরে ফেলে দেয়। তিনি অভিযোগ করেছেন, আগেও সতীশ যাদব তাঁদের উপর চড়াও হতেন এবং জিমের জায়গা ছাড়ার অনুরোধ করলে রেগে যেতেন। এবার তিনি ও তাঁর সঙ্গীরা আরও সহিংস হয়ে ওঠেন।
রাজেশও দাবি করেছেন, তাঁকে ঘরের ভিতরে টেনে নিয়ে নগ্ন করে লোহার রড দিয়ে মারধর করা হয়। তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। হামলার পর তাঁর মুখে ও কপালে বহু জায়গায় আঘাতের দাগ দেখা যায়।
পুলিশ ইতিমধ্যেই সতীশ যাদবকে গ্রেফতার করেছে। হামলার ঘটনায় জড়িত আরও তিন অভিযুক্ত বিকাশ যাদব, শুভম যাদব এবং ওমকার যাদব এখনও পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।