পাকিস্তানের ইসলামাবাদের এক মসজিদে ৬ ফেব্রুয়ারির আত্মঘাতী বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে লস্কর হামলা চালাতে চাইছে। যদিও ওই বিস্ফোরণের দায় নিয়েছিল আইএস।

উদ্ধার আইইডি
শেষ আপডেট: 21 February 2026 16:39
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে বেড়েছে নিরাপত্তা। রাজধানীতে জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-ই-তৈবা (Lashkar-e-Taiba) আইইডি হামলার ছক কষেছে (Lashkar terror plot)। এই আশঙ্কার মধ্যেই পাঞ্জাব (Punjab) ও কাশ্মীরে (Kashmir) দুটি আইইডি (IED) উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। যদিও পুলিশ এখনই এই ঘটনার সঙ্গে লস্করের কোনও যোগসূত্র খুঁজে পায়নি।
শুক্রবার ভোরে অমৃতসরের রাইয়া পুলিশ পোস্টের কাছে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছে যায়। ব্যাগ খুলতেই দেখা যায়, তার ভিতরে একটি আইইডি রাখা আছে।
অমৃতসরের এসএসপি সোহেল কাসিম মির জানান, “ব্যাগটি চোখে পড়তেই বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। তারা নিশ্চিত করে যে এটি একটি আইইডি এবং নিয়ম মেনে সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।”
কাশ্মীরেও উদ্ধার আরেকটি বিস্ফোরক
একই দিনে কাশ্মীরের গান্দেরবালের সাফাপোড়া এলাকায় আরও একটি আইইডি উদ্ধার হয় (IED recovered Kashmir)। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকটি কয়েক ঘণ্টার মধ্যেই নিষ্ক্রিয় করে। গত এক সপ্তাহে উত্তর কাশ্মীরে এনিয়ে তৃতীয় আইইডি উদ্ধার হয়েছে। এর আগে বৃহস্পতিবার ট্যাংমার্গ রোডে এবং বারামুল্লায় বিস্ফোরক পাওয়া গিয়েছিল।
দিল্লিতে হামলার সতর্কতা কেন?
সূত্রের দাবি, পাকিস্তানের ইসলামাবাদের এক মসজিদে ৬ ফেব্রুয়ারির আত্মঘাতী বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে লস্কর হামলা চালাতে চাইছে। যদিও ওই বিস্ফোরণের দায় নিয়েছিল আইএস।
লালকেল্লায় আগের হামলার স্মৃতি এখনও তাজা
মাত্র তিন মাস আগেই লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১২ জন মারা গিয়েছিলেন (Delhi Red Fort Blast)। ২০ জনের বেশি আহত হন। পরে জানা যায়, জইশ-ই-মোহাম্মদ (JeM) ও আনসার গাজওয়াত-উল-হিন্দের সহযোগিতায় পরিচালিত এক 'হোয়াইট-কলার' টেরর মডিউল (White Collar Terror Module) ওই বিস্ফোরণের পিছনে ছিল। সেই হামলার সঙ্গে জইশের যোগ আছে বলেও সম্প্রতি রিপোর্ট দেয় জাতিসংঘের মনিটরিং টিম।
দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা
নতুন সতর্কতার পরে দিল্লির বড় মন্দির, বাজার ও পর্যটনস্থলে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। লালকেল্লা ও সংলগ্ন এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।