
শেষ আপডেট: 23 March 2024 22:45
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল আদালতে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শনিবার রাতে তাঁর আর্জি খারিজ করে দেয়। দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে রবিবার শুনানির দাবি জানানো হয়েছিল।
প্রসঙ্গত, এই আদালতই এক সপ্তাহ আগে কেজরিওয়ালকে আগাম জামিন দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে পাল্টা মামলা করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। হাই কোর্টে যান কেজরিওয়ালও। উচ্চ আদালত তাঁকে রক্ষাকবচ না দেওয়ায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি। শনিবার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে যাওয়ায় হোলির আগে তাঁর জামিনের শুনানির সম্ভাবনা রইল না। এবার হোলি জেলেই কাটবে তাঁর।
এদিকে, গ্রেফতার হওয়া সত্ত্বেও কেজরিওয়াল কীভাবে মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে আছেন সেই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিও হোলির ছুটির পর হবে।
এদিকে, শনিবার জেল থেকে দলকে ভরসা দিতে বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, ‘আমার ভাইবোনেরা, আমি ভেঙে পড়িনি। আমি শিগগির আপনাদের মাঝে ফিরে আসব। ফের লড়াই শুরু করব। আমার জীবন আপনাদের জন্য, দেশের জন্য সমর্পিত।’
তাৎপর্যপূর্ণ হল এই বার্তা দেওয়ার জন্য কেজরিওয়াল তাঁর স্ত্রী সুনীতাকে বেছে নিয়েছেন। জেলে স্বামীর সঙ্গে কথা বলে ফিরে তিনি ভিডিও বার্তায় কেজরিওয়ালের বক্তব্য জানান।
এমনিতে জেলে নিকট আত্মীয়েরই দেখা করার অনুমতি মেলে। সেদিক থেকে স্ত্রী সুনীতার সঙ্গেই কথা বলার সুযোগ ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর।
যদিও আপের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে, কেজরিওয়ালের এই সিদ্ধান্ত কি পরিকল্পিত। কারণ তাঁর সঙ্গে সুনিতার কথপোকথন দলের তরফে কেউ জানাতে পারতেন। মন্ত্রী আতিশী বর্তমানে সরকারের দ্বিতীয় ব্যক্তি। কেজরিওয়ালের জামিন না হলে তাঁর পক্ষে জেল থেকে সরকার চালানো সম্ভব নয়। তখন মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা ছাড়া উপায় থাকবে না। সেই পরিস্থিতিকে হবেন উত্তরসূরী তা নিয়ে আপের অন্দরে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার আগে থেকেই জল্পনা ছিল। আপ দাবি করে তারা একটি সমীক্ষা চালিয়েছে। তাতে বেশিরভাগ মানুষ বলেছেন, গ্রেফতারের পরও মুখ্যমন্ত্রী বদলের কোনও প্রয়োজন নেই। কেজরিওয়াল যেন জেল থেকেই সরকার চালান।
যদিও আপের অন্দরে উত্তরসূরী হিসাবে সুনীতার নামও আছে। ১২ বছর আগে দিল্লির যন্ত্ররমন্তরে কেজরিওয়ালের দুর্নীতি বিরোধী আন্দোলনে অন্তরালের সৈনিক ছিলেন সুনীতা। যদিও আয়কর দফতরের উচুঁ পদে চাকরি করায় তিনি তখন সামনে আসেননি। অবসরের পর মাঝেমঝ্যে তাঁকে মুখ্যমন্ত্রী স্বামীর পাশে দেখা গিয়েছে।