চলতি উৎসব মরশুমে রেখা গুপ্তর সরকার ঘোষণা করল, রামলীলা ও দুর্গাপুজোর যে কোনও অনুষ্ঠানে রাত ১২টা পর্যন্ত মাইক বাজানো যাবে।

কোনও হিন্দু উৎসব-অনুষ্ঠান যেন অবাঞ্ছিত বিধিনিষেধের মুখে না পড়ে।
শেষ আপডেট: 23 September 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: ‘রামরাজ্য’ বলে কথা! তাই দিল্লির বিজেপি মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত মঙ্গলবার হিন্দু উৎসব-অনুষ্ঠানে মাইক বাজানোর সময় বাড়িয়ে দিলেন। চলতি উৎসব মরশুমে রেখা গুপ্তর সরকার ঘোষণা করল, রামলীলা ও দুর্গাপুজোর যে কোনও অনুষ্ঠানে রাত ১২টা পর্যন্ত মাইক বাজানো যাবে। রেখা নিজেই বলেন, এতে রামরাজ্যের অনুপ্রেরণা প্রতিফলিত হবে। যার লক্ষ্য হল, কোনও হিন্দু উৎসব-অনুষ্ঠান যেন অবাঞ্ছিত বিধিনিষেধের মুখে না পড়ে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি সবসময় দেখেছি, আমাদের হিন্দুদের উৎসবেই সবসময় বিধিনিষেধের বেড়ি পরানো হয়। নানান সংকট এসে উপস্থিত হয়। রামলীলা ও দুর্গাপুজো কিছুতেই রাত ১০টার ভিতর শেষ করা যায় না। গুজরাতে তো সারারাত ধরে ডান্ডিয়া নাচ চলে। অনেক রাজ্যেই সারারাত ধরে অনুষ্ঠান হয়। তাহলে দিল্লিবাসীকেই কেন রাত ১০টার মধ্যে চুপ করে যেতে হবে, হাসতে হাসতে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী রেখা।
তিনি বলেন, এ কারণেই রামলীলা, দুর্গাপুজোর মতো হিন্দু ধর্মীয় উৎসব রাত ১২টা পর্যন্ত চালানোর অনুমতি দিয়েছি আমরা। ওই সময় অবধি লাউডস্পিকার বাজানো যাবে দিল্লিতে। দিল্লি সরকার আগের নিয়ম রাত ১০টায় মাইক বন্ধ করার সময় বাড়িয়ে দিয়েছে। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামলীলা, দুর্গাপুজো, দশেরা বা এ ধরনের কোনও অনুষ্ঠানে রাত ১২টা পর্যন্ত মাইক বাজানো বা ঘোষণা চলতে পারবে। ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই বিধি থাকবে, যাতে স্বাক্ষর করে দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।
তবে নির্দেশে বলা আছে, উৎসব-অনুষ্ঠান উদ্যোক্তাদের আবাসিক এলাকায় নির্ধারিত শব্দদূষণ বিধি মেনে অর্থাৎ ৪৫ ডেসিবেলের মধ্যে মাইক বাজাতে হবে। এই বিধিকে স্বাগত জানিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী মজিন্দর সিং সিরসা বলেন, রামলীলা কমিটির বহুদিনের দাবি ছিল এটাই। তবে এটাই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকারও মাইক বাজানোর বিধি ১২টা করেছিল।