দেশের রাজধানীর বায়ুদূষণ দেওয়ালি থেকেই খারাপ স্তরে ঘোরাফেরা করছে।
.jpeg.webp)
ভোর থেকেই আকাশ দেখলে মনে হবে, মেঘাচ্ছন্ন।
শেষ আপডেট: 7 November 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে দিল্লির বায়ুদূষণের মাত্রা ‘বিপজ্জনক’ মাত্রায় ঠেকল। সুইস মনিটর আইকিউ এয়ারের তথ্য বলছে, বায়ুদূষণের সূচক এদিন ৭২৭-এ গিয়ে ঠেকেছে। দেশের রাজধানীর বায়ুদূষণ দেওয়ালি থেকেই খারাপ স্তরে ঘোরাফেরা করছে। একে বাজির দূষণ, তার উপর ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লি ও সন্নিহিত এলাকায় আকাশবাতাশ ধুলো ও ধোঁয়ায় ভরে রয়েছে। ভোর থেকেই আকাশ দেখলে মনে হবে, মেঘাচ্ছন্ন।
দিল্লির সরকারি সূত্র অবশ্য জানাচ্ছে, পরিবেশে সামান্য উন্নতি দেখা দিয়েছে। কারণ আগের থেকে তুলনায় জোরে বাতাস বইছে। বৃহস্পতিবার বিকেলে দিল্লির বায়ুদূষণের সূচক ছিল ৩১১। যা ‘খুব খারাপ’ স্তরে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডেটা অনুযায়ী দিল্লি বর্তমানে রেড জোনে এসে গিয়েছে।
একাংশের মতে, সরকারি যে ডেটা পাওয়া যাচ্ছে তা বিভ্রান্তিকর। কারণ বিদেশি সংস্থাগুলির মনিটরের সঙ্গে তা মিলছে না। ফলে দিল্লির প্রকৃত দূষণের চিত্রটি প্রকৃতির মতোই ধোঁয়াশায় থেকে যাচ্ছে। যে কারণে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় দূষণের সূচক ছিল ৩০৭।
বিশেষজ্ঞদের অনুমান, হঠাৎ করে একদিনে দিল্লির দূষণ মাত্রা ভয়াবহ আকার নেওয়ার কারণ গুরুপরব। অর্থাৎ গুরু নানক জয়ন্তী। ওইদিন ব্যাপকহারে বাজি ফেটেছে। শুধু দিল্লিতেই নয়, সন্নিহিত এনসিআর এলাকা এবং পাঞ্জাব, হরিয়ানাতেও প্রচুর বাজি ফাটায় তা বাতাসে ভেসে ধূলিকণা ও ধাতুকণার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
কেন্দ্রের একটি তথ্য বলছে, হরিয়ানা ও পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর কারণে রাজধানীর বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ গতকালই ৯.৪৮ শতাংশ বাড়িয়ে দিয়েছে। যা এই বছরের শীতে সর্বোচ্চ। শুক্রবার এর পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশে পৌঁছতে পারে। কারণ উত্তর-পশ্চিমী বায়ুপ্রবাহ দিল্লির আকাশে আরও ধোঁয়া বয়ে নিয়ে আসতে পারে।