দিল্লিতে দূষণ লাল জোনে পৌঁছতেই ইন্ডিয়া গেটে বিক্ষোভ কর্মীদের। টেনে হিঁচড়ে এলাকা খালি করল পুলিশ।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 9 November 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: চরম বিষাক্ত রাজধানী (Delhi)র বাতাস। একদিন আগেই শহর ঢুকে পড়েছে ‘রেড জোনে’। একাধিক এলাকার একিউআই ছুঁয়েছে ৪০০-র গণ্ডি। সেই প্রেক্ষিতেই রবিবার দিল্লির ইন্ডিয়া গেটের (India Gate) সামনে বায়ুদূষণ রোধে কার্যকর নীতি তৈরির দাবিতে রাস্তায় নামলেন পরিবেশ কর্মী, সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মীরা।
আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন আম আদমি পার্টি (AAP) ও কংগ্রেসের (Congress) কিছু নেতাও। তবে ইন্ডিয়া গেটে দীর্ঘক্ষণ চলেনি এই কর্মসূচি। আধঘণ্টার মধ্যেই পুলিশ (Delhi Police) কড়াকড়ি শুরু করে। একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়।
দিল্লি পুলিশের সিনিয়র অফিসার দেবেশ কুমার মহলা (Devesh Kumar Mahla) এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ইন্ডিয়া গেটে বিক্ষোভের অনুমতি নেই। তাঁর কথায়, ‘ইন্ডিয়া গেট কোনও অনুমোদিত প্রতিবাদস্থল নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লিতে বিক্ষোভের নির্দিষ্ট জায়গা হল যন্তর মন্তর (Jantar Mantar)। তাই আমরা সবাইকে সেই নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছি।’
তবে প্রতিবাদকারীদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ বাধা দিয়েছে। আটক করার পাশাপাশি স্থান খালি করার নির্দেশও দেওয়া হয়। এক বিক্ষোভকারীর কথায়, ‘আমাদের বিক্ষোভ করারও অনুমতি দেওয়া হচ্ছে না। শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার পরও পুলিশ জোর করে সরিয়ে দিচ্ছে। অথচ দূষণ রোধে সরকারের কোনও স্থায়ী উদ্যোগ নেই।’
তিনি আরও বলেন, ‘ডেটা সেন্টারে জল ছিটানো হচ্ছে, ক্লাউড সিডিং (Cloud Seeding) করা হচ্ছে, এসবই সাময়িক ব্যবস্থা। এতে সমস্যার মূল সমাধান হবে না। প্রয়োজন স্থায়ী নীতি, যা সরকার এখনও তৈরি করেনি। আর জনগণও নিরুত্তাপ, কেউই আওয়াজ তুলছে না।’
প্রদর্শন শুরু হয়েছিল রবিবার বিকেলে, প্রায় আধঘণ্টা ধরে ইন্ডিয়া গেটের সামনে স্লোগান ও পোস্টার হাতে দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ এসে ভিড় সরিয়ে দেয়।
দিল্লিতে দূষণের মাত্রা এদিনও ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, অণু কণার মাত্রা (পিএম ২.৫ ও পিএম ১০) স্বাভাবিক সীমার বহু গুণ বেশি। প্রশাসনের পক্ষ থেকে স্কুল বন্ধ, নির্মাণকাজে নিষেধাজ্ঞা ও গাড়ি চলাচলে নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তবুও কোনও পরিবর্তন হয়নি। খারাপ থেকে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। অসুস্থ হচ্ছেন লোকজন।