
শেষ আপডেট: 21 February 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৪ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে বলে আন্দোলনকারীদের অভিযোগ। যদিও হরিয়ানা পুলিশ জানিয়েছে, এটা পুরোপুরি একটা গুজব। সংঘর্ষ, ধস্তাধস্তি কিংবা কাঁদানে গ্যাসের শেল ফেটে কারও মৃত্যু হয়নি।
বুধবার পূর্ব ঘোষণা মতো কৃষকরা পঞ্জাব-হরিয়ানা সীমান্তের শম্ভুতে জড়ো হন। দিল্লির উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। তখন আন্দোলনকারীদের সঙ্গে বিরাট সংঘর্ষ বাধে। কৃষকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ লাঠি চালায় ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, সংঘর্ষে ২৪ বছরের শুভকরণ সিং নামে এক যুবক জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার আগেই হরিয়ানা পুলিশ জানিয়ে দেয়, এটা পুরোপুরি গুজব। ২ পুলিশকর্মী এবং প্রতিবাদী জখম হয়েছেন। কোনও কৃষকের মৃত্যু হয়নি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা কৃষকদের আলোচনায় বসার আর্জি জানান এদিন। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র বেরিয়ে আসতে পারে। আমি কৃষক নেতাদের কাছে সমস্ত বিষয় নিয়ে আলোচনায় এগিয়ে আসার আবেদন করছি। অন্যদিকে, কৃষক নেতা রাকেশ টিকায়ত হুঁশিয়ারির সুরে এদিন জানিয়ে দিয়েছেন আন্দোলন শুধুমাত্র পঞ্জাবেই থেমে থাকবে না। গোটা দেশে ছড়িয়ে পড়বে এই আন্দোলন। উত্তরপ্রদেশের মুজফফরানগরে সংবাদ মাধ্যমকে একথা বলেন ভারতীয় কিষাণ মোর্চার জাতীয় মুখপাত্র টিকায়ত।