ফের সভায় ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ টিভিকে-র বিরুদ্ধে। শুক্রবার বিজয়ের সভা চলাকালীন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

বিজয়ের সভায় যুবকের মৃত্যু
শেষ আপডেট: 13 February 2026 16:43
দ্য ওয়াল ব্যুরো: কারুর বিপর্যয়ের (Karur stampede) স্মৃতি এখনও টাটকা। এরইমধ্যে ফের সভায় ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ টিভিকে-র (TVK) বিরুদ্ধে। শুক্রবার বিজয়ের (Vijay) সভা চলাকালীন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু (heatstroke death) হল এক ব্যক্তির। ডিহাইড্রেশনের কারণেই তিনি প্রাণ হারিয়েছেন বলে অনুমান।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুরজ (Suraj)। সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুরজকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সুরজের আগেও হার্ট সংক্রান্ত সমস্যা ছিল।
এদিকে এই ঘটনার পর ফের একবার বিজয়ের সভা (TVK Vijay Rally) ঘিরে গাফিলতির অভিযোগ উঠছে। পুলিশ সূত্রে খবর, এদিনের সভায় ৫ হাজার মানুষের প্রবেশের অনুমতি মিললেও ৭ হাজার মানুষ ঢুকতে দেওয়া হয়েছিল। এমনকি অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদেরও প্রবেশ করতে দেওয়া হয়েছিল।
ইতিমধ্যেই সভার আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলে বাকি পদক্ষেপ করবে পুলিশ।
গত বছর সেপ্টেম্বরে কারুরে বিজয়ের র্যালিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের। তামিলনাড়ু সরকার এবং পুলিশ দাবি করে, দলের আয়োজক ও কর্মীদের একের পর এক সিদ্ধান্ত পরিস্থিতি এতটা গুরুতর করে দিয়েছিল।
সরকারের হলফনামায় বলা হয়েছে, 'ইচ্ছাকৃতভাবেই সভাস্থলে দেরিতে গেছিলেন বিজয়, যাতে আরও বেশি ভিড় বাড়ানো যায়। ।'
সভার দিন কারুর জেলা পুলিশ সকাল ১০টা থেকেই নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ ও ভিড় সামলানোর কাজ করছিল। টিভিকে-র (Tamilaga Vettri Kazhagam) অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়, বিজয় দুপুর ১২টা নাগাদ সভাস্থলে যাবেন। অথচ পুলিশকে দেওয়া অনুমতি পত্রে এমন কিছুই উল্লেখ ছিল না। অভিযোগ, এই ভুল ও বিভ্রান্তিকর ঘোষণার ফলে হাজার হাজার সমর্থক সকাল ৯.৩০টা থেকেই ভিড় করেন।
সুপ্রিম কোর্ট গত ১৩ অক্টোবর এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পাশাপাশি, তদন্ত পর্যবেক্ষণের জন্য প্রাক্তন বিচারপতি অজয় রস্তোগির নেতৃত্বে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়।
এই ঘটনায় সিবিআই তদন্ত করেছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য দু'বার দিল্লিতে সিবিআই দফতরেও হাজিরা দিয়েছেন টিভিকে প্রধান।
সামনেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগে এদিনের সভায় এক যুবকের মৃত্যুর ঘটনায় বিজয়ের দলে চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।