সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, কীভাবে পেশাদার পরিকল্পনায় ঘটানো হয় এই অপরাধ। চুরির সময় অ্যালার্ম বেজে উঠলেও বিন্দুমাত্র বিচলিত হয়নি দুষ্কৃতীরা।

চুরির মুহূর্তের ছবি
শেষ আপডেট: 14 August 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরে প্রাক্তন বিচারপতি রমেশ গর্গের বাড়িতে দুঃসাহসিক চুরি। পুলিশের দাবি, কয়েক লক্ষ টাকা নগদ ও গয়না লোপাট করেছে চোরেরা। ঘটনা ঘটেছে রাখি বন্ধনের দিন। একই দিনে আশপাশের এলাকায় আরও বেশ কয়েকটি একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে, কীভাবে পেশাদার পরিকল্পনায় ঘটানো হয় এই অপরাধ। চুরির সময় অ্যালার্ম বেজে উঠলেও বিন্দুমাত্র বিচলিত হয়নি দুষ্কৃতীরা। মুখোশ, হাতমোজা পরে, লোহার রড হাতে প্রাক্তন বিচারপতির বাড়িতে ঢুকে প্রায় ২০ মিনিট ধরে সব তোলপাড় করে।
পুলিশ সূত্রে খবর, মোট তিনজন চোর ঘটনাস্থলে ছিল। একজন লোহার রড হাতে বিচারপতির শোওয়ার ঘরে ঢুকে তাঁর বিছানার পাশে দাঁড়িয়েছিল, তিনি ঘুম থেকে উঠলেই মারধর করবে বলে। সেই সময় দ্বিতীয় চোর ঘরে তল্লাশি চালিয়ে মূল্যবান সামগ্রী জড়ো করছিল। তৃতীয় জন বাইরে প্রহরীর মতো দাঁড়িয়ে নজরদারি চালাচ্ছিল।
3 criminals robbed a retired Justice Ramesh Garg’s residence in Indore.
They took ₹5 lakh and gold-silver jewellery in just 4 min.
They would have killed Justice Garg's son (in the video) if he had woken up. Fortunately, he didn't wake up.pic.twitter.com/ANP9An0G0W— ShoneeKapoor (@ShoneeKapoor) August 14, 2025
গুয়াহাটি হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রমেশ গর্গ এবং তাঁর পরিবারের সদস্যরা গভীর ঘুমে ছিলেন বলে বিষয়টি আঁচ করতে পারেননি। পুরো ঘটনাই অজান্তে ঘটে যায়। চোরেরা পালিয়ে যাওয়ার পরই বিষয়টি টের পান তাঁরা।
ইন্দোর পুলিশের সিনিয়র অফিসার উমাকান্ত চৌধুরী বলেন, ‘ঘটনার গুরুত্ব বিবেচনা করে আলাদা আলাদা তদন্তকারী দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্র আগে থেকেই একই ধরনের অপরাধের সঙ্গে জড়িত।’ তিনি আরও বলেন, 'বিভিন্ন সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করে জেরা শুরু হয়েছে। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী আমরা।’
পুলিশ আশপাশের এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একই চক্র পরিকল্পিত ও সংগঠিতভাবে বাড়িতে ঢুকে চুরি করছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় এবং তাদের ধরতে দ্রুত পদক্ষেপ করা জরুরি।