
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 March 2025 07:45
দ্য ওয়াল ব্যুরো: “বুরা না মানো, হোলি হ্যায়”। আর এই হোলিতে মাতোয়ারা হয়েই ফের বিতর্কে তেজ প্রতাপ যাদব। হোলির আনন্দে মাতোয়ারা হয়ে এক পুলিশকর্মীকে নাচার নির্দেশ দিলেন তিনি, না-নাচলে সাসপেন্ড করার হুমকিও দিলেন! এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
শনিবার, হোলির দিন নিজের বাসভবনে উৎসবের আয়োজন করেছিলেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে ও বিহারের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ। সমর্থকদের সঙ্গে আনন্দ করছিলেন তিনি। হঠাৎই তাঁর নজর যায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবলের দিকে। মঞ্চে বসেই তাঁকে নির্দেশ দেন হোলির গানে নাচতে। না-নাচলে চাকরি খোয়ানোর হুমকিও দেন তিনি, যদিও সঙ্গে এটাও বলেন— "বুঝতেই পারছো, আজ হোলি!"
VIDEO | A policeman was seen dancing on the instruction of RJD leader Tej Pratap Yadav during Holi celebration at his residence in Patna. #tejpratapyadav #Holi #Patna pic.twitter.com/oCIP0kL03r
— Press Trust of India (@PTI_News) March 15, 2025
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেজ প্রতাপ নিজেই গান ধরেছেন, আর সেই তালে কনস্টেবল দীপক বাধ্য হয়ে নাচছেন! তবে এই ঘটনা নিয়ে বিরোধীরা ছাড়েনি তেজ প্রতাপকে। জেডি(ইউ)-র মুখপাত্র রাজীব রঞ্জন কটাক্ষ করে বলেন, "এটা লালু-রাজের যুগ নয়! বিহার বদলেছে, সভ্য সমাজ এসব মেনে নেবে না।"
তেজ প্রতাপকে নিয়ে বিতর্ক নতুন নয়। কখনও কৃষ্ণ সেজে বৃন্দাবনে ঘোরা, কখনও শিবরাত্রিতে মহাদেবের সাজ নেওয়া— সবসময়ই তিনি থাকেন খবরের শিরোনামে। এবার হোলির মেজাজে পুলিশকে নাচাতে গিয়েই ফের বিতর্কে জড়ালেন লালু-তনয়!