ঘটনার সঙ্গে জড়িত চার জনের মধ্যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তের খোঁজে পাঁচটি পুলিশ টিম গঠন করে তল্লাশি চলছে।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 August 2025 10:26
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিধি জেলায় এক ২০ বছরের দলিত তরুণীকে (Dalit Woman) গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধেয় নিজের বাগদত্তার সঙ্গে বাইরে বেরিয়ে এই নারকীয় ঘটনার শিকার হন ওই তরুণী। অভিযোগ, চার যুবক তাঁদের ঘিরে ধরে তরুণের উপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে এলাকা ছেড়ে পালাতে বাধ্য করে। এরপর গণধর্ষণ করা হয় তরুণীকে।
পুলিশের পক্ষ থেকে এই ভয়াবহ ঘটনার কথা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ASP) অরবিন্দ শ্রীবাস্তব জানান, ঘটনার সঙ্গে জড়িত চার জনের মধ্যে তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তের খোঁজে পাঁচটি পুলিশ টিম গঠন করে তল্লাশি চলছে।
জানা গেছে, ওই তরুণী চুরহাট থানা এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার তিনি নিজের বাগদত্তার সঙ্গে বাইকে করে বেরোন। কাঠৌঠা গ্রামের কাছে বাইক থামিয়ে দু’জনে একটি পাহাড়ি এলাকায় যান। সেখানেই চার যুবক তাঁদের ঘেরাও করে। এরপর ওই যুবকের উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং এলাকা থেকে পালাতে বাধ্য করা হয়।
পুলিশ জানায়, এরপরই তরুণীকে ধর্ষণ করে চার অভিযুক্ত। কোনও মতে পালিয়ে এসে ওই তরুণী তাঁর বাগদত্তার সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে সঙ্গে নিয়ে সেমারিয়া থানায় পৌঁছন। পুলিশ তাঁদের বক্তব্য গ্রহণ করে, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে এবং চিকিৎসার জন্য সেমারিয়া কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয় তাঁদের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রবল রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। বিরোধী দল কংগ্রেস এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। কংগ্রেসের রাজ্য সভাপতি জিতু পতওয়ারি বলেন, ‘‘এই ঘটনা শুধু নারী জাতিকে অপমান করল না, মানবতাকেও লজ্জায় ফেলল। মধ্যপ্রদেশে আইনশৃঙ্খলার ভয়াবহ অবস্থা আজকের এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল।’’
তিনি আরও দাবি করেন, গত তিন বছরে মধ্যপ্রদেশে ৭ হাজার ৪১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে দলিত ও জনজাতি নারীদের উপর ধর্ষণ এবং ৩৩৮টি গণধর্ষণ ও ৫৫৮টি হত্যার ঘটনা রয়েছে। গড়ে প্রতিদিন সাতজন দলিত বা জনজাতি নারী নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ কংগ্রেস নেতার।