বিচারপতির প্রাথমিক প্রশ্ন ও উভয় পক্ষের পাল্টা বক্তব্যের পরেই শুরু হয় মূল সওয়াল-জবাব পর্ব। মামলার রায় কোন পথে মোড় নেয়, সে দিকেই এখন নজর গোটা রাজ্যের সরকারি কর্মীদের।

সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 5 August 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে (Supreme Court) ডিএ মামলার (DA Case) শুনানি ঘিরে মঙ্গলবার শুরুতেই তৈরি হল উত্তেজক পরিস্থিতি। বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ সওয়াল শুরু হওয়ার আগেই এক সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশে। সেই প্রশ্নেই কোর্টরুমে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায়।
বেঞ্চের তরফে বিচারপতি করোল বলেন, “মামলার নির্যাসে যাওয়ার আগে আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই। হাইকোর্টের রায়ে ‘ফান্ডামেন্টাল রাইট’ শব্দবন্ধটি উঠে এসেছে। ডিএ-কে আদৌ কি মৌলিক অধিকার হিসেবে ধরা যায়? এই প্রশ্নে আপনাদের অবস্থান কী?”
এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী (State Govt Lawyer) সাফ জানিয়ে দেন, ডিএ কোনওভাবেই মৌলিক অধিকার নয়। বরং রাজ্যের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে তার পরিমাণ। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের তরফে আইনজীবী জানান, ডিএ হল আইনানুগ অধিকার। এটি দীর্ঘদিন ধরে প্রাপ্য হিসেবেই গণ্য হয়ে এসেছে।
বিচারপতির প্রাথমিক প্রশ্ন ও উভয় পক্ষের পাল্টা বক্তব্যের পরেই শুরু হয় মূল সওয়াল-জবাব পর্ব। মামলার রায় কোন পথে মোড় নেয়, সে দিকেই এখন নজর গোটা রাজ্যের সরকারি কর্মীদের।
এর আগে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন, ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু ২৭ তারিখ পেরিয়ে গেলেও রাজ্য সরকার সেই টাকা মিটিয়ে দেয়নি। সোমবার এই মামলার শুনানিতে রাজ্য সরকার আরও ২ মাসের সময় চেয়েছে। তবে শীর্ষ আদালত জানায়, প্রয়োজনে এই মামলার রোজ শুনানি হবে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার মামলার শুনানির শুরুতেই কড়া প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।
এদিকে প্রতিবাদী মঞ্চের তরফে রাজ্য সরকারকে নিশানা করে বলা হয়েছে, রাজ্যের মানুষের করের কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার, এদিকে বকেয়া ডিএ দিচ্ছে না। এর কোনও যৌক্তিকতা নেই। বিক্ষোভকারীদের খোঁচা, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে শুরু করে স্যাট (SAT) - সব জায়গায় ধাক্কা খেয়েছে রাজ্য। সেই কারণে তারা সুপ্রিম কোর্টে গেছে। আশা, দেশের শীর্ষ আদালতও ডিএ প্রদানের ন্যায়েই রায় দেবে।