Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইইডি থেকে সাইবার ক্রাইম! সব অপরাধের ছক এক জায়গায় রাখতে কেন্দ্রের নতুন ব্যুরো

স্বরাষ্ট্র মন্ত্রকের আশা, এই ব্যবস্থা চালু হলে শুধু তদন্তকারীদের কাজই সহজ হবে না, তদন্তের গুণগত মান বাড়ার পাশাপাশি অপরাধের দ্রুত কিনারাও করা সম্ভব হবে।

আইইডি থেকে সাইবার ক্রাইম! সব অপরাধের ছক এক জায়গায় রাখতে কেন্দ্রের নতুন ব্যুরো

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 February 2026 12:53

দ্য ওয়াল ব্যুরো: বড় কোনও অপরাধের তদন্তে প্রথমেই নজর থাকে অপরাধের ধরনে। কোথায়, কী ভাবে, কোন কায়দায় অপরাধটি ঘটেছে—তার সঙ্গে আগে কোথাও একই ধরনের ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হয়। কারণ, অপরাধীরা অনেক সময় একই প্যাটার্ন বা মোডাস অপারেন্ডি অনুসরণ করে। সেই সূত্র ধরেই দ্রুত তদন্তের কিনারা করা সম্ভব হয়। কিন্তু এত দিন পর্যন্ত বিভিন্ন রাজ্যের তদন্তকারী আধিকারিকদের কাছে এই তুলনামূলক বিশ্লেষণের সুযোগ ছিল না। সেই ঘাটতি মেটাতেই ‘মোডাস অপারেন্ডি ব্যুরো’ চালু করার পথে হাঁটছে স্বরাষ্ট্র মন্ত্রক (Cybercrime from IED! New bureau of center to keep all crimes tabulated at one place)।

কেন্দ্রের তৈরি এই বিশেষ পোর্টালে দেশের সব রাজ্যে সংঘটিত অপরাধ, সংশ্লিষ্ট অপরাধীদের তথ্য এবং ব্যবহৃত মোডাস অপারেন্ডির বিস্তারিত নথিভুক্ত করা হবে। প্রয়োজন হলে যে কোনও রাজ্যের তদন্তকারী অফিসার এই পোর্টালের সাহায্য নিয়ে নিজের কেসের সঙ্গে অন্য রাজ্যের ঘটনার মিল খুঁজে দেখতে পারবেন। সেই কারণেই পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যের কাছে পুরনো ও সাম্প্রতিক অপরাধের খুঁটিনাটি তথ্য চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

বর্তমানে অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। সোশ্যাল মিডিয়া ঘেঁটে অপরাধীরা শিখে নিচ্ছে আধুনিক অস্ত্রের ব্যবহার থেকে শুরু করে আইইডি তৈরির মতো জটিল কৌশলও। সাইবার অপরাধের ক্ষেত্রে তো আরও জটিল পরিস্থিতি—ঘটনা ঘটছে এক রাজ্যে, কিন্তু তার সূত্র মিলছে অন্য রাজ্যে। অনেক সময় দেখা যাচ্ছে, এক রাজ্যের দুষ্কৃতীরা অন্য রাজ্যের অপরাধীদের কৌশল হুবহু নকল করছে। ফলে তদন্তে গিয়ে অফিসাররা বুঝতে পারছেন, নিজের রাজ্যে ঘটে যাওয়া অপরাধের সঙ্গে অন্য রাজ্যের ঘটনার বিস্ময়কর মিল রয়েছে। অথচ, এক নজরে সব তথ্য দেখে নেওয়ার মতো কোনও কেন্দ্রীয় তথ্যভাণ্ডার এত দিন ছিল না।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন রাজ্যে ঘটে যাওয়া অপরাধের পুঙ্খানুপুঙ্খ তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে রয়েছে। অপরাধীরা কোন পথে ঢুকেছিল, দিনের কোন সময়ে তারা সক্রিয় ছিল, কী ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল—সবই তদন্তে উঠে এসেছে। এমনকি ধৃত অভিযুক্তরা ওই রাজ্য ছাড়াও আর কোন কোন জায়গায় অপরাধে যুক্ত ছিল, তাও জানা গিয়েছে। এই সমস্ত তথ্য ও পরিসংখ্যান একত্র করেই তৈরি হবে মোডাস অপারেন্ডি ব্যুরো।

এই ব্যুরোর জন্য আলাদা একটি পোর্টাল চালু করা হবে। সেখানে ক্লিক করলেই মুহূর্তে মিলবে প্রয়োজনীয় সব তথ্য। দেশের সমস্ত রাজ্যের পুলিশকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও চাইলে এই পোর্টাল ব্যবহার করতে পারবে। কোথাও নতুন কোনও অপরাধ ঘটলে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ মোডাস অপারেন্ডি ব্যুরোয় ঢুকে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে, সহজেই অভিযুক্ত সম্পর্কে ধারণা মিলবে।

সব রাজ্যকে দ্রুত এই তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আশা, এই ব্যবস্থা চালু হলে শুধু তদন্তকারীদের কাজই সহজ হবে না, তদন্তের গুণগত মান বাড়ার পাশাপাশি অপরাধের দ্রুত কিনারাও করা সম্ভব হবে।


```