মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রায়শই দফায় দফায় সময়সূচি পালটে সকলকে অস্বস্তিতে ফেলেন। তবে এ বার তাঁর কাণ্ডে চমক খেয়েছে সাংবাদিক থেকে নিরাপত্তারক্ষীরা।

একনাথ শিন্ডে
শেষ আপডেট: 17 August 2025 12:55
দ্য ওয়াল ব্যুরো: লখনউতে সাংবাদিকদের জন্য উত্তরপ্রদেশের (UP CM) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছিল ‘আম-পার্টি’র (Aam Party)। আমের রকমারি স্বাদে মাতোয়ারা সাংবাদিকেরা, কিন্তু সমানভাবে নজর কেড়েছে মুখ্যমন্ত্রীর নতুন দল।
ইভেন্টের সমন্বয় করছিলেন রাজ্য সরকারের তথ্য দফতরের নতুন ডিরেক্টর বিশাল সিংহ ও অ্যাডিশনাল ডিরেক্টর অরবিন্দ মিশ্র। তাঁদের তত্ত্বাবধান করছিলেন মুখ্যমন্ত্রীর দফতরের অন্যতম শক্তিশালী আইএএস সঞ্জয় প্রসাদ। মুখ্যমন্ত্রীর ওএসডি সঞ্জীব সিং, অমিত সিং ও সর্বান বাঘেলও ছিলেন। তবে চর্চা তৈরি করেছে অনুপস্থিতি— যোগীর দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ মিডিয়া পরামর্শদাতা, মৃ্ত্যুঞ্জয় সিং ও রহিস সিং। এক প্রবীণ আধিকারিককে এ বিষয়ে প্রশ্ন করা হলে কেবল একটা কথাই বলেছেন—“পরিবর্তনই প্রকৃতির নিয়ম।”
ঝাড়খণ্ডের পুলিশ আধিকারিকদের আইপিএস পদোন্নতি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল দিল্লিতে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) অনুরাগ গুপ্ত। কিন্তু বৈঠক শুরু হওয়ার আগেই থমকে যায়।
ইউপিএসসির দাবি, তাঁরা অনুরাগ গুপ্তকে স্বীকৃতি দিচ্ছেন না। কেন্দ্রের মতে, ৬০ বছর পূর্ণ হওয়ায় ৩০ এপ্রিলই তাঁর অবসর নেওয়ার কথা। কিন্তু রাজ্য বলছে, ডিজিপির নির্দিষ্ট দু’বছরের মেয়াদ থাকে, বয়স যাই হোক না কেন। বিষয়টি ঝাড়খণ্ড হাইকোর্টে বিচারাধীন। এই অচলাবস্থার মধ্যেই পদোন্নতির বৈঠক স্থগিত হয়ে গেল।
লখনউয়ের পাঁচতারা হোটেলে সম্প্রতি ‘কুটুম্ব পরিবার’ নামে প্রায় ৪০ জন রাজপুত বিধায়ক-এমএলসি একসঙ্গে নৈশভোজে মিলিত হন। আয়োজক ছিলেন বিজেপি বিধায়ক রামবীর সিং ও বিজেপি বিধান পরিষদ সদস্য জয়পাল সিং ব্যাস্ত।
আনুষ্ঠানিকভাবে উদ্দেশ্য ছিল ‘ঐক্য প্রদর্শন’। তবে সূত্রের খবর, পরিকল্পনা করেছিলেন সমাজবাদী পার্টির বিদ্রোহী নেতা অভয় সিং ও রাকেশপ্রতাপ সিং। যদিও নৈশভোজে যোগ দেন কেবল বিজেপি বিধায়ক, এসপি বিদ্রোহী ও নির্দলীরা। যোগী আদিত্যনাথও অবশ্য অনুপস্থিত ছিলেন।
বিষয়টি নিয়ে অস্বস্তিতে রাজ্য বিজেপি। কারণ বিরোধীরা বারবার যোগী সরকারের বিরুদ্ধে ‘রাজপুতদের সরকার’ বলে তোপ দেগেছে। এমন সময়ে প্রকাশ্যে রাজপুত ঐক্যের অনুষ্ঠান দলীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে বলেই মত রাজনৈতিক মহলের।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রায়শই দফায় দফায় সময়সূচি পালটে সকলকে অস্বস্তিতে ফেলেন। তবে এ বার তাঁর কাণ্ডে চমক খেয়েছে সাংবাদিক থেকে নিরাপত্তারক্ষীরা।
‘ঠাণে বর্ষা ম্যারাথন ২০২৫’-এর উদ্বোধনে এসে সাদা সাফারি স্যুটে পতাকা নাড়িয়ে দৌড়তে শুরু করেন শিন্ডে নিজেই। প্রায় ১০০ মিটার দৌড়ে ওঠেন তিনি। সঙ্গে ছুটতে বাধ্য হন নিরাপত্তারক্ষী, কর্মী থেকে শুরু করে ক্যামেরাম্যানরাও। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠান পরিণত হয় এক অদ্ভুত দৃশ্যে— নেতাকে অনুসরণ করতে হিমশিম অবস্থা সকলের।