পুলিশ জানায়, আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয় দীপককে। পালানোর পথ নেই বুঝতে পেরে গুলি চালায় সে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 June 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে (Lucknow) তিন বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যু হল পুলিশের এনকাউন্টারে। শুক্রবার ভোরে ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম দীপক বর্মা। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়, যেখানে দেখা যায় সে শিশুটিকে নিয়ে যাচ্ছে।
দীপক বর্মা একজন দাগী অপরাধী, যার নামে লখনউ শহরের একাধিক থানায় মামলা রয়েছে। তা জানার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। লখনউয়ের সেন্ট্রাল জোনের ডেপুটি কমিশনার জানান, ঘটনার পরপরই পাঁচটি পুলিশ টিম গঠন করা হয় এবং দীপককে ধরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়।
সিসিটিভি ফুটেজ থেকে খোঁজ পাওয়ার পর অভিযুক্তের স্কুটারের রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায়। এরপর এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ক্যান্টনমেন্ট এলাকার দেবী খেদা-তে অভিযান চালায়।
পুলিশ জানায়, আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয় দীপককে। পালানোর পথ নেই বুঝতে পেরে গুলি চালায় সে। পুলিশের ছোড়া পাল্টা গুলিতে সে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
লখনউয়ের আলমবাগ এলাকার ওই শিশুটির বয়স ছিল মাত্র তিন বছর। সে তার পরিবারের সঙ্গে চন্দননগর মেট্রো স্টেশন এলাকায় থাকত। সকালে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণ পর মেট্রো ব্রিজের নিচে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং পরিবার থেকে আলমবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে।
এই ঘটনাটি উত্তরপ্রদেশে নারী ও শিশু নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন মানুষ। তবুও এতটা ভয়ঙ্কর অপরাধ কীভাবে এমন এক জনবহুল এলাকায় ঘটল- তা নিয়ে উঠছে প্রশ্ন।