র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ আন্দোলনকারী ওয়াংচুককে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। লাদাখে আন্দোলনের সময় চার জনের মৃত্যু ও এক জওয়ানের প্রাণহানির পর তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ তোলে সরকার।

সোনম ওয়াংচুক
শেষ আপডেট: 29 September 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অবিলম্বে মুক্তি দাবি করল কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (Kargil Democratic Alliance)। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সংগঠনের নেতারা প্রশ্ন তুলেছেন, পাকিস্তানে জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে অংশ নেওয়ার কারণে কেন তাঁকে ‘পাকিস্তানপন্থী’ বলে অভিযুক্ত করা হচ্ছে? একইসঙ্গে তাঁরা কটাক্ষ করেছেন, ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তেজনাপূর্ণ হলেও দুই দেশের মধ্যে ক্রিকেট খেলা চলছে, অথচ পরিবেশ সম্মেলনে যোগ দেওয়া নিয়ে রাজনীতি করা হচ্ছে।
র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত পরিবেশ আন্দোলনকারী ওয়াংচুককে গত সপ্তাহে গ্রেফতার (Arrest) করা হয়। লাদাখে আন্দোলনের (Ladakh Protest) সময় চার জনের মৃত্যু ও এক জওয়ানের প্রাণহানির পর তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ তোলে সরকার। বর্তমানে তিনি যোধপুর কারাগারে বন্দি।
কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতা সাজ্জাদ করগিলি বলেন, “ওই সম্মেলন ছিল জাতিসংঘের (UN) জলবায়ু আলোচনার অংশ। সেখানে যোগ দেওয়া অপরাধ হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা (India vs Pakistan Cricket) কেন চলবে? আমাদের আন্দোলনকে অন্যভাবে দেখানো হচ্ছে।” তিনি আরও দাবি করেন, ২৪ সেপ্টেম্বর লেহ-তে হওয়া হিংসার ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।
লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল এস ডি সিংহ জামওয়াল ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন যে, এ বছরের ফেব্রুয়ারিতে ওয়াংচুক পাকিস্তানের দৈনিক 'ডন' আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন এবং পাকিস্তানী এক গোয়েন্দার সঙ্গেও যোগাযোগ রাখতেন। তাই এই সফরকেই ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছেন তিনি।
কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী। তাঁর পাল্টা দাবি, ‘‘চার বছর আগে থেকেই গোয়েন্দা আধিকারিকরা হুমকি দিতে শুরু করেছিলেন। বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স মেলেনি। আমাদের সংস্থা হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস, লাদাখ (এইচআইএএল) ও সেকমলকে টার্গেট করা হয়।’’ অভিযোগ, সরকারের তরফে তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হয়রানি (Witch Hunt) করা হচ্ছে।
আর সোনমের পাকিস্তান সফর নিয়ে তাঁর বক্তব্য, ওয়াংচুক ‘ব্রিদ পাকিস্তান’ শীর্ষক একটি পরিবেশ সম্মেলনে অংশ নিয়েছিলেন, যা জাতিসংঘের উদ্যোগে হয়েছিল। ‘‘এখানে জলবায়ু পরিবর্তন ও হিমবাহের সঙ্কট নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবেশ উদ্যোগের প্রশংসাও করেছিলেন সোনম।’’
২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে কেন্দ্র যখন লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করে, তখন অনেকেই স্বাগত জানিয়েছিলেন। তবে তিন বছরের মধ্যে সুর পাল্টেছে। ভূমি, সংস্কৃতি আর সম্পদের সুরক্ষায় সাংবিধানিক স্বীকৃতি না থাকায় এখন ক্রমেই জোরালো হচ্ছে লাদাখের আন্দোলন।