আমদাবাদের দুর্ঘটনা কীভাবে ঘটল তা এখনও পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন 'হিউম্যান এরর'।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 June 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: গত ১২ জুন আমদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Ahmedabad Plane Crash)। একদিন পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল বিমানের 'ব্ল্যাক বক্স' (Black Box)। মনে করা হয়েছিল, তা থেকেই দুর্ঘটনার আসল কারণ বেরিয়ে আসবে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও পোক্ত তথ্য উঠে আসেনি। আগামী কয়েকদিনেও তা সম্ভব হবে বলে মনে করা যাচ্ছে না। কারণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সেই 'ব্ল্যাক বক্স'-ও।
সূত্রের খবর, বিপর্যস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের (Air India Plane Crash) 'ব্ল্যাক বক্স' (Black Box) এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা থেকে তথ্য বের করা কার্যত মুশকিল। এমনকী, এ দেশে থেকে তা সম্ভব নয়! এই কারণে সেটিকে বিদেশে পাঠানো হতে পারে। আপাতত 'ব্ল্যাক বক্স' থেকে যে টুকু তথ্য মিলেছে তা পর্যাপ্ত নয়। তাই সম্পূর্ণ তথ্য উদ্ধার করতে সেটিকে আমেরিকা (United States) পাঠানো হবে বলে জানা গেছে। যদিও সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি এই ইস্যুতে।
'ব্ল্যাক বক্স'-এ আদতে দুই ধরনের ডিভাইস থাকে। ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR)। কিন্তু তা থেকে এখনও দুর্ঘটনার আসল কারণ সংক্রান্ত কোনও তথ্য মেলেনি। এখন খবর, সেটিকে ওয়াশিংটন ডিসি-র ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (NTSB) কাছে পাঠানো হবে। সেটিকে সঙ্গে নিয়ে যাবেন ভারতীয় কয়েকজন আধিকারিক। তারা খেয়াল রাখবেন যাতে সব সেফটি প্রটোকল ফলো করা হয়।
আগেই জানা গেছিল, ওই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ বিমানটি আমেরিকায় তৈরি হওয়ায়, আন্তর্জাতিক নিয়ম মেনে তদন্তে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ও বোয়িং সংস্থাও। সেক্ষেত্রে 'ব্ল্যাক বক্স' থেকে তাঁরা কিছু উদ্ধার করতে পারে কিনা, সেটাই দেখার।
'ব্ল্যাক বক্স', অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার, বিমানের প্রযুক্তিগত এবং ককপিটে শেষ মুহূর্তের কথোপকথনের গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখে। কোনও বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে এই যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমদাবাদের দুর্ঘটনা কীভাবে ঘটল তা এখনও পরিষ্কার নয়। কেউ মনে করছেন যান্ত্রিক ত্রুটি, কেউ মনে করছেন 'হিউম্যান এরর'। আবার কারও ধারণা, পাখির ধাক্কায় এমন হয়েছে। আসল তথ্য এই 'কালো বাক্স'টিই দিতে পারবে।