ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuelan President Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল সিপিএম (CPM)।

সিপিএমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি ও মাদুরো
শেষ আপডেট: 3 January 2026 20:37
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Venezuelan President Nicolas Maduro) ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল সিপিএম (CPM)। সোমবার এক বিবৃতিতে সিপিএম পলিটব্যুরো এই ঘটনাকে সরাসরি মার্কিন আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। সেই সঙ্গে দাবি করেছে, অবিলম্বে মাদুরো ও তাঁর স্ত্রীর ‘প্রুফ অব লাইফ’ প্রকাশ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে।
পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, “ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে রাষ্ট্রনেতাকে আটক করা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসঙ্ঘ সনদের চরম লঙ্ঘন”। এই ঘটনার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদে সামিল হওয়ার জন্য ভারতের সাধারণ মানুষের কাছেও আহ্বান জানিয়েছে সিপিএম। তাদের বক্তব্য, কোনও স্বাধীন ও সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করা বিশ্ব রাজনীতিতে এক বিপজ্জনক নজির তৈরি করছে।
‘মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি’
সিপিএমের দাবি, ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তৈরি করছে। সেই চাপেরই চূড়ান্ত রূপ এই সামরিক অভিযান ও গ্রেফতারের ঘটনা। বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার গণতন্ত্রকেই নয়, আন্তর্জাতিক ব্যবস্থাকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে।”
সিপিএমের মতে, রাষ্ট্রনেতাকে আটক করার পর তাঁর অবস্থান বা শারীরিক পরিস্থিতি সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য না দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণ প্রকাশ করার দাবি তোলা হয়েছে।
ভারতের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
সিপিএম শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকেই নয়, ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের উচিত স্পষ্ট অবস্থান নেওয়া। তাদের কথায়,“ভারত সরকারকে রাষ্ট্রসঙ্ঘ সনদের পক্ষে দাঁড়িয়ে আমেরিকার কাছে জোরালোভাবে দাবি জানাতে হবে যে মাদুরো ও তাঁর স্ত্রীর প্রুফ অব লাইফ প্রকাশ করা হোক”। বামেদের সাফ কথা হল, অতীতে ভারত বরাবরই সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলেছে। এই মুহূর্তে নীরব থাকলে সেই ঐতিহ্য ক্ষুণ্ণ হবে।
সিপিএম জানিয়েছে, তারা শীঘ্রই দেশজুড়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করবে। শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন ও গণসংগঠনগুলিকেও এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দলের মতে, এটা শুধু ভেনেজুয়েলার প্রশ্ন নয়— এটা আন্তর্জাতিক ন্যায়বিচার ও স্বাধীনতার প্রশ্ন।
মাদুরোকে গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লাতিন আমেরিকার একাধিক দেশ এই পদক্ষেপকে সমালোচনা করেছে। সেই আবহেই সিপিএমের এই বিবৃতিকেও দেখা যেতে পারে।