
এম এ বেবি
শেষ আপডেট: 6 April 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri) মৃত্যুর পর এতদিন সিপিএমের সাধারণ সম্পাদকের (General Secretary) পদটি ফাঁকা ছিল। এবার সেই পদের জন্য নতুন নাম ঘোষণা করল দল। সিপিএমের সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হল কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এম এ বেবিকে (MA Baby)।
এই পদের জন্য একাধিক নাম শোনা যাচ্ছিল। তাঁদের মধ্যে ছিলেন বৃন্দা কারাট, মহম্মদ সেলিমও। তবে সূত্রের খবর, রাজ্য ছেড়ে দিল্লি যেতে হবে বলে এই পদের জন্য খুব একটা আগ্রহ দেখাননি সেলিম। পাশাপাশি বয়সের কারণে বাকিদের পাল্লাও ততটা ভারী হয়নি। কিন্তু ব্যতিক্রমী হয়ে থাকলেন এম এ বেবি। ৭০ বছর বয়স হলেও পার্টি তাঁকে দায়িত্ব দিল। আর দলের ভরসাও বজায় থাকল দক্ষিণে।
গত কয়েক দশক ধরেই সিপিএমের ভরকেন্দ্র দক্ষিণ দিকে ঝুঁকে। অতীতে কেরল এবং অন্ধ্রপ্রদেশ থেকে দলীয় শীর্ষ পদের জন্য নাম বাছা হয়েছে। সাম্প্রতিক সময়ে যে দু'জন পরপর এই পদে ছিলেন প্রকাশ কারাত এবং সীতারাম ইয়েচুরি, দুজনেই দক্ষিণী। এবারও সেখান থেকেই নাম বেছে নেওয়া হয়েছে। অনেকে মনে করছেন, ব্রাত্য থেকে গেলেন সেলিম।
কে এই এম এ বেবি?
মাদুরাই পার্টি কংগ্রেস যাকে পদে এনেছে তাঁর পুরো নাম মারিয়াম আলেকজান্ডার বেবি। একসময় তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা ছিলেন। পরবর্তী কালে যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকেরও দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বেবি কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রীও। তার আগে ১৯৮৬ থেকে ১৯৯৮, ১২ বছর কেরল থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।