বিজেপি শাসিত রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার নতুন করে বিতর্ক বাধালেন তাঁর ঐতিহাসিক এক তত্ত্বে। তাঁর দাবি, দেশি গরুর দুধ খেলে বাচ্চাদের বুদ্ধি আর শক্তি বাড়ে, আর মহিষের দুধ খেলে তারা নাকি অলস আর ঢিমেতাল হয়ে যায় বাচ্চাদের।
.jpeg.webp)
রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার
শেষ আপডেট: 23 February 2026 17:57
দ্য ওয়াল ব্যুরো: ঘিতে বুদ্ধি বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল, মাংসে মাংস বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। প্রাচীন এই বাংলা ছড়া বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতায় শেখাতেন মা-ঠাকুমারা। কিন্তু, বিজেপি শাসিত রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার নতুন করে বিতর্ক বাধালেন তাঁর ঐতিহাসিক এক তত্ত্বে। তাঁর দাবি, দেশি গরুর দুধ খেলে বাচ্চাদের বুদ্ধি আর শক্তি বাড়ে, আর মহিষের দুধ খেলে তারা নাকি অলস আর ঢিমেতাল হয়ে যায় বাচ্চাদের। কোটা জেলায় গো-সংবর্ধন ও গোচারণ সম্পর্কিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি উদাহরণ দিয়ে বলেন, একটা গরুর বাছুর আর একটা মহিষের বাছুরকে দূর থেকে ছেড়ে দিলে গরুর বাছুর নাকি সোজা নিজের মায়ের কাছে দৌড়ে যাবে, কিন্তু মহিষের বাছুর নাকি ঠিকমতো খুঁজে পাবে না। তাঁর মতে, বাছুরগুলি যে দুধ খায়, সেই দুধের প্রভাবেই বুদ্ধির এই ফারাক। এখানেই থামেননি তিনি। বলেন, পেট ভরে দুধ খাওয়ানোর পর মহিষের বাছুর নাকি কাশতে কাশতে ঘুমিয়ে পড়ে, আর গরুর বাছুর লাফিয়ে বেড়ায়, তার তুখোড় বুদ্ধির পরিচয় দেবে। এই মন্তব্যের পরপরই তাঁর বাণী ভাইরাল হয়ে যায়।
গরুর দুধে বেশি বুদ্ধি— এমন কোনও প্রমাণ নেই। পুষ্টিবিদ আর শিশু চিকিৎসকদের মতে, গরুর দুধ মহিষের দুধের চেয়ে বাচ্চাদের বুদ্ধি বাড়ায়— এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তুলনা করলে দেখা যায়, মহিষের দুধে সাধারণত ফ্যাটের পরিমাণ বেশি, প্রায় ৬ থেকে ১৪ ভাগ পর্যন্ত হতে পারে। তাই এতে ক্যালোরি বেশি। আবার এতে প্রোটিন, ক্যালসিয়াম আর ভিটামিন বি ১২ একটু বেশি থাকে। এই ভিটামিন স্নায়ুর সুস্থতা, মস্তিষ্কের কাজ, রক্ত তৈরি আর দেহের গঠন প্রক্রিয়ার জন্য দরকারি। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই সামান্য ফারাক বাচ্চাদের বুদ্ধিতে মাপা যায় এমন তফাত তৈরি করে না।
যাঁরা কম ক্যালোরির খাবার চান, তাঁদের জন্য কখনও কখনও গরুর দুধ বলা হয়। কিন্তু সেটা শরীরের ওজন বা হজমের ব্যাপার, বুদ্ধির সঙ্গে তার যোগ নেই। আয়োডিন নামে আরেকটি উপাদান আছে, যা মস্তিষ্কের বিকাশে দরকারি। তবে সেটা গরু না মহিষ— কোনটা খাচ্ছে, তার চেয়ে বেশি নির্ভর করে পশুটা কী খাচ্ছে তার ওপর। মানে দুধের ধরন নয়, খাবারটাই আসল।
আগে অনেক শিশু চিকিৎসক ভাবতেন, গরুর দুধ নাকি একটু হালকা, তাই ছোটদের জন্য ভালো। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, গরুর দুধ খাওয়ালে বুদ্ধি বাড়ে— এমন কোনও প্রমাণ নেই। এক শিশু চিকিৎসক জানিয়েছেন, যদি কোনও দুধকে নিয়মিত ভাবে বুদ্ধি বাড়ানোর সঙ্গে যুক্ত করা হয়ে থাকে, তবে সেটা মায়ের দুধ।
পৃথিবীর নানা গবেষণায় দেখা গেছে, যে সব শিশু প্রথম ছ’মাস শুধু মায়ের দুধ খায়, আর পরে কিছুদিন মায়ের দুধ চালিয়ে যায়, তাদের দীর্ঘমেয়াদে মস্তিষ্কের বিকাশ ভালো হয়। সব মিলিয়ে কথাটা হল, গরুর দুধ বাচ্চাকে বেশি বুদ্ধিমান করে আর মহিষের দুধ মাথা ভোঁতা করে দেয়, এমন দাবির পক্ষে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। পুষ্টিগুণে সামান্য হেরফের থাকতেই পারে, কিন্তু গ্লাসে কোন প্রাণীর দুধ আছে, তার ওপর বুদ্ধি নির্ভর করে না।