গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এরফলে দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ (West Bengal Covid)। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 June 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় করোনা সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। রোজই বাড়ছে আক্রান্তের (Covid Cases) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এরফলে দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ (West Bengal Covid)। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছুঁই ছুঁই।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা প্রায় পাঁচ হাজার। সর্বাধিক আক্রান্ত রয়েছে কেরলে (১,৪৮৭)। এরপরই আছে দিল্লি (৫৬২), মহারাষ্ট্র (৫২৬), পশ্চিমবঙ্গ (৫৩৮), গুজরাত (৫০৮), কর্নাটক (৪৩৬)। উত্তরপ্রদেশ (১৯৮) এবং রাজস্থান (১০৩)।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেছেন, 'করোনা আমাদের মাঝে থাকবেই। এই সংক্রমণ প্রতিরোধ করতে হবে। সরকারি নির্দেশিকা পালন করা, মাস্ক করা এবং সতর্কীকরণ অবলম্বন করতে হবে।' সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের তরফে সব হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মক ড্রিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় জায়গায় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনা (Covid-19) কিংবা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য ২০২৩ সালের জুনে জারি হওয়া 'রিভাইজড এবিসি গাইডলাইন ৩' অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই গাইডলাইনে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ঝিমানো ভাব, নিম্ন রক্তচাপ, রক্ত কাশি এবং শিশুদের ক্ষেত্রে জ্বর, খাওয়াতে অনীহা, শ্বাসকষ্টের উপসর্গগুলিকে 'রেড ফ্ল্যাগ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বর্তমান সংক্রমণের পেছনে কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট দায়ী, যেমন LF.7, XFG, JN.1 এবং NB.1.8.1। তবে এই ভ্যারিয়েন্টগুলোর কারণে রোগের উপসর্গগুলি সাধারণ সর্দি-জ্বরের মতো হওয়ায় শনাক্তকরণে জটিলতা দেখা দিচ্ছে।