সিঙ্গাপুরে আগামী রবিবার পর্যন্ত ‘সাংগ্রি-লা’ বৈঠক চলবে। সেখানেই দুই দেশের সংঘর্ষ নিয়ে এই প্রথম মুখ খুলেছেন চৌহান।

সিডিএস অনিল চৌহান
শেষ আপডেট: 31 May 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Attack) পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছিল ভারত। সেনার দাবি, সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। নিকেশ করা হয়েছে ১০০-র বেশি সন্ত্রাসবাদী। তবে সম্প্রতি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) (Chief of Defence Staff) জেনারেল অনিল চৌহান (Anil Chouhan) জানিয়েছে, অভিযানের সময়ও তাঁদের অন্যতম লক্ষ্য ছিল ভুয়ো খবর ছড়ানো বন্ধ করা।
ভারত যে অভিযানে সাফল্য পেয়েছে তা মানতে রাজি হয়নি পাকিস্তান। বরং পাল্টা একাধিক ভুয়ো তথ্য ছড়ানোর চেষ্টা করেছে তারা। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফের স্পষ্ট কথা, যুদ্ধ পরিস্থিতিতে এই ‘ভুয়ো তথ্য’ মোকাবিলায় গুরুত্ব দিয়েছিলেন তাঁরা। নাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। তিনি এও জানান, অভিযানের ১৫ শতাংশ সময় ব্যয় হয়েছে পাকিস্তানের ছড়ানো ভুল তথ্য মোকাবিলাতেই।
সিঙ্গাপুরে আগামী রবিবার পর্যন্ত ‘সাংগ্রি-লা’ বৈঠক চলবে। সেখানেই দুই দেশের সংঘর্ষ নিয়ে এই প্রথম মুখ খুলেছেন চৌহান। ওই বৈঠকের ফাঁকে ‘সিঁদুর’ অভিযান নিয়ে নানা তথ্য শেয়ার করেছেন তিনি। তবে সবথেকে বড় যে খবর প্রকাশ্য এনেছেন তা হল - ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান! ঠিক কতগুলো ভারতীয় বিমান ধ্বংস হয়েছে সেই হিসেব না দিলেও তিনি এটুকু বলেন, হারানো বিমানের সংখ্যা নয়, বরং শত্রুর হামলায় যাতে এমন ঘটনা না ঘটে, সে ব্যাপারে কৌশলগত শিক্ষার উপরই মনোযোগী হওয়া উচিত। ভারত সেটাই করেছে এবং দু'দিন পর পাল্টা প্রত্যাঘাত হেনেছে।
সিডিএস-এর এই 'স্বীকারোক্তি'র পর দেশের ভিতর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কারণ কংগ্রেস মোদী সরকারের কাছে দাবি তুলেছে, অপারেশন সিঁদুরে ভারতীয় বাহিনীর ক্ষতির পরিমাণ স্পষ্ট করে জানাতে। কংগ্রেসের দাবি, এতক্ষণে গোটা দেশ টের পেয়ে গিয়েছে যে, যা হয়েছে তার সবকিছুতেই মোদী সরকার সামনের দিকে এগিয়ে ছিল না। শুধু তাই নয়, সামরিক প্রযুক্তিগতি বিষয়ের উপর নতুন করে বিচার-বিশ্লেষণের সময় এসেছে। কারণ, চারদিনের সংঘর্ষে ভারতও যুদ্ধবিমান হারিয়েছে।
উল্লেখ্য, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেশ কয়েকদিন ধরেই মোদীর কাছে এই প্রশ্ন তুলে আসছেন যে, ভারতীয় বিমানবাহিনীর কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে তা যেন প্রকাশ করা হয়। যা নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেসকে একের পর এক তির্যক আক্রমণ করেছিলেন বিজেপির অমিত মালব্য থেকে শুরু করে তাবড় নেতারা। কিন্তু এখন খোদ সিডিএস ভারতীয় বায়ুসেনার বিমান ধ্বংস হওয়ার কথা মেনে নিয়েছেন।