
রাহুল গান্ধী।
শেষ আপডেট: 8 October 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভার ভোটের গণনা চলছে। তারই মধ্যে সামনে এল গত লোকসভা ভোট এবং তারপরে চারটি রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের মোট খরচের পরিমাণ!
এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, গত লোকসভা ভোট এবং তারপরে চারটি রাজ্যের বিধানসভা ভোটে মোট খরচের পরিমাণ ৫৮৫ কোটি টাকা। তবে এর মধ্যে হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর ভোট খরচের হিসেব নেই।
কমিশনকে দেওয়া হাত শিবিরের তথ্য অনুযাযী, এই ৫৮৫ কোটির মধ্যে ১কোটি ৪০ লাখ টাকা ব্যয় করা হয়েছে রাহুল গান্ধীর জন্য। এবারের ভোটে ওয়ানাড় এবং রায়বরেলি দুটি আসন থেকে লড়েছিলেন রাহুল। দুটি আসন থেকেই তিনি জয়ীও হন। দু'টি আসনে রাহুলের জন্য গড়ে ৭০ লাখ টাকা করে ব্যয় করেছিল দল। পরে ওয়ানাড় আসনটি ছেড়ে দেন তিনি।
তবে খরচের নিরিখে রাহুলই শীর্ষে নয়। কমিশনকে দাখিল করা রিপোর্ট অনুযায়ী, সারা দেশের মধ্যে কংগ্রেস সবচেয়ে বেশি অর্থ খরচ করেছিল হিমাচলপ্রদেশের মান্ডি আসনে। ওই আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন বিক্রমাদিত্য সিং। ৮৭ লাখ টাকা ব্যয় করেছিল হাত শিবির। তবে কংগ্রেস নয়, ওই আসনে শেষ হাসি হেসেছিলেন বিজেপির তারকা প্রার্থী কঙ্গনা রানাওয়াত।
জানা যাচ্ছে, মোট ৫৮৫ কোটি টাকার মধ্যে শুধু মিডিয়া প্রচার এবং বিজ্ঞাপনে কংগ্রেস ব্যয় করেছিল ৭০ শতাংশ অর্থ।
এর পাশাপাশি সারা দেশে দলের তারকা প্রচারকদের বিমান ভাড়া বাবদ কংগ্রেসের খরচের পরিমাণ ১০৫ কোটি টাকা!
বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলের অনেকেই টিপ্পনি কেটে বলছেন, 'ভোটের আগে কংগ্রেস বলেছিল, ওদের নাকি পকেটে টাকা নেই। এই তার নমুনা!'