
শেষ আপডেট: 28 February 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশে কংগ্রেসে ধস ঠেকাতে 'মুশকিল আসান' হিসেবে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে আসরে নামাল কংগ্রেস। কর্নাটক বিধানসভা ভোটে বিপুল ভোটে জয় ছিনিয়ে আনার অন্যতম কারিগর শিবকুমারকে ড্যামেজ কন্ট্রোলের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্নাটক তথা দেশের ধনাঢ্য রাজনীতিক শিবকুমার সনিয়া গান্ধীর অত্যন্ত প্রিয় পাত্র। তাই হিমাচলে বিজেপির কুনজর কাটাতে শিবেই ভরসা ১০ জনপথের।
রাজ্যসভা ভোটে কংগ্রেসের ডাকাবুকো আইনজীবী নেতা অভিষেক মনু সিংভিকে ক্রস ভোটে হারিয়ে দেওয়ার পর হিমাচলে সরকার ফেলার স্বপ্নে বিভোর বিজেপি। আপাতত কংগ্রেসের পাহাড়ে ধস নামানোর কোপ মেরে চলেছে গেরুয়া শিবির। এই অবস্থায় হিন্দি বলয়ে কংগ্রেসের অন্ধের যষ্ঠি হিমাচলকে ধরে রাখতে মরিয়া রাহুল-সনিয়া। তাই অত্যন্ত বিশ্বস্ত ও সংকট কাটাতে সিদ্ধহস্ত শিবকুমারের কাঁধেই দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে।
মঙ্গলবার কংগ্রেসকে হারিয়ে দিয়ে চাঙ্গা বিজেপি শিবির বুধবার সকাল থেকে বলে চলেছে, শাসকদলের আরও বিধায়করা তাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা খুব শীঘ্রই সরকার গঠনের অবস্থায় পৌঁছে যাবে। এই লক্ষ্যে তারা আস্থা ভোটও ডাকতে পারে। সিংভিকে হারিয়ে দেওয়া নবনির্বাচিত রাজ্যসভার হবু সদস্য হর্ষ মহাজনের দাবি, আগামী ১০-২০ ঘণ্টার মধ্যে বিজেপি সরকার গঠন করবে। সরকার বাঁচাতে বিধানসভার স্পিকার বিরোধী দলনেতা সহ ১৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন বুধবার।
তাই দুর্গ বাঁচাতে শিবেই আস্থা রেখেছে হাইকমান্ড। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার বুধবার বলেন, কংগ্রেস নেতৃত্ব তাঁকে হিমাচল প্রদেশ রওনা হওয়ার নির্দেশ দিয়েছে। আমি বুঝতে পারছি না, সরকার গঠনে বিজেপির এত তাড়া কীসের? এধরনের বিধায়ক কেনাবেচার রাজনীতি একদিন ব্যুমেরাং হয়ে যাবে। আমার বিশ্বাস রয়েছে, আমাদের সব বিধায়ক দলের প্রতি অনুগত থাকবেন। কংগ্রেসের সাংসদ প্রমোদ তেওয়ারিও জানিয়েছেন, আমাদের দুজন প্রবীণ নেতা সিমলা গিয়েছেন। সেখানে তাঁরা দলের ভাঙন ঠেকাতে কাজে নেমে পড়েছেন। তা সত্ত্বেও শিবকুমারের উপরই পতন ঠেকানোর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। যা সনিয়ার নির্দেশই হয়েছে বলে রাজনৈতিক মহলের বিশ্বাস।