কংগ্রেসের কেরল রাজ্য শাখার অভিযোগ, SIR-এর মাধ্যমে যেভাবে গণহারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভোট মেশিনে।

কংগ্রেস নির্বাচনী এই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।
শেষ আপডেট: 15 November 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: SIR করে গণহারে ভোটার ছাঁটাইয়ে বিহারে এনডিএ ১২৮টি আসনে জিতেছে বলে অভিযোগ তুলল কেরল কংগ্রেস। শনিবার কংগ্রেসের কেরল রাজ্য শাখার অভিযোগ, SIR-এর মাধ্যমে যেভাবে গণহারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভোট মেশিনে। এনডিএ-র জেতা ২০২টি আসনের মধ্যে ১২৮টিতে জয় এসেছে এই ভোটার ছাঁটাইয়ের বদান্যতায়। কংগ্রেস নির্বাচনী এই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে।
এদিন একটি এক্সবার্তায় কেরল কংগ্রেস বলেছে, তারা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সঙ্গে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জয়ের মার্জিন তুলনা করে এই সিদ্ধান্তে এসেছে। কেরল কংগ্রেসের দাবি, নির্বাচন কমিশন পরিচালিত SIR অভিযানে ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের তালিকা থেকে ছাঁটাই করা হয়েছে।
এক্স পোস্ট লেখা হয়েছে, বিহার রিগিং। এনডিএ-র ২০২টি জেতা আসনের মধ্যে ১২৮টি আসন এসেছে SIR নির্ভর ভোটার ছাঁটাইয়ের ফলে। সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন যে ভোটার তালিকা থেকে বাদ যাওয়াদের নামের তালিকা দিয়েছিল তার সঙ্গে প্রতিটি কেন্দ্রের জয়ের মার্জিন যাচাই করে আমরা এই সিদ্ধান্তে এসেছি। এই কাজের ধরনটি সন্দেহাতীত, এবং বৈধ ও জীবিত ভোটারদের ইচ্ছাকৃতভাবে SIR করে বাদ দেওয়া হয়েছে।
বিহার বিধানসভা ভোটের ফল প্রকাশের পরদিনই পোস্টে কেরল কংগ্রেসের আরও দাবি, কমিশনের ডেটাবেস একজনও অবৈধ অনুপ্রবেশকারীকে বের করতে পারেনি। তা সত্ত্বেও SIR-এর নামে এই গোটা প্রক্রিয়াটি একটি গণহারে ছাঁটাই প্রক্রিয়ায় পরিণত হয়েছে। এনডিএ-র নীতিতে দরিদ্র ও দুর্বল ভোটাররা ভুক্তভোগী হয়েছেন। কংগ্রেসের আরও দাবি, SIR করা হয়েছিল অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের বাসিন্দাদের খোঁজে। এবং তাদের দেশ থেকে বিতাড়নের উদ্দেশ্যে। কিন্তু, গোটা প্রক্রিয়ায় দেখা যাচ্ছে কমিশন একটি অবৈধ বসবাসকারীকে খুঁজে বের করতে পারেনি।
কিন্তু, এর ফলে যা ঘটেছে একেবারে বাজারদরে ভোটারের নাম বাদ হয়েছে তালিকা থেকে। গরিব ও দুর্বল মানুষদের ভোট কেটে দিয়ে ওরা নিজেদের মতো করে ভোটে জিতে গিয়েছে, কংগ্রেসের পোস্টে বলা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর ভারত গণতন্ত্রের মাতৃসমান দাবিকে তোপ দেগে কংগ্রেসের অভিযোগ, এই কুটিল খেলার চক্রান্তে বিজেপি প্রতিটি নাগরিকের নামই ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। সেই জায়গায় কোনও ব্রাজিলীয়কে বসিয়ে আমার-আপনার হয়ে ভোট করিয়ে দিতে পারে। এবং দেশের সব ভোটে চিরকাল জিতেই যাবে।