২০২৬-এর বাংলা বিধানসভা নির্বাচনে একলা লড়াইয়ের পথে কংগ্রেস, দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানানো হল কোনও জোটে যাবে না দল।

কংগ্রেস একাই লড়বে এবার
শেষ আপডেট: 5 February 2026 18:41
দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে রীতিমতো ঝড় তুলল কংগ্রেস (Congress)। ২০২৬-এর বিধানসভা ভোটে এককভাবেই রাজ্যের ২৯৪টি আসনে লড়বে তারা। বামেদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই নেই, জানাল সংগঠন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানাল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC) নেতৃত্ব। দলের তরফে স্পষ্ট—জোটে ভরসা নয়, এবার লড়াই ক্যাডারের মনোবল ফেরানোর।
এদিন দিল্লিতে বসেছিল কংগ্রেসের হাই-ভোল্টেজ বৈঠক। হাজির ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge), লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar), এআইসিসির সাধারণ সম্পাদক ও রাজ্যের প্রভারী গুলাম আহমদ মীর (Ghulam Ahmad Mir), প্রাক্তন পিসিসি প্রধান অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury), সাংসদ ঈশা খান চৌধুরী (Isha Khan Chowdhury)-সহ আরও অনেকে। আলোচনার একমাত্র অ্যাজেন্ডা—বাংলায় কংগ্রেসের ভবিষ্যৎ রোডম্যাপ।
বৈঠক শেষে মীর জানান, কংগ্রেস এবার বাংলায় একা লড়বে। তাঁর স্পষ্ট মন্তব্য, জোটে থেকে কর্মীদের মনোবল বারবার ভেঙেছে। “বামেদের সঙ্গে গেলে আমাদের ক্যাডারই হতাশ হয়ে পড়ে। তাই সর্বসম্মত সিদ্ধান্ত—সব আসনে একক প্রার্থী দেবে কংগ্রেস।”
পিসিসির অফিসিয়াল বিবৃতি: সিদ্ধান্তে সিলমোহর
এর পরই রাজ্য কংগ্রেস (PCC) আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সেখানে লেখা, “খাড়্গে, রাহুল গান্ধী, মীর, শুভঙ্কর সরকার ও অধীর চৌধুরীদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ২০২৬-এর বিধানসভা নির্বাচন এককভাবে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “বাংলার কংগ্রেস কর্মীদের মানসিকতার প্রতি মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত। হাই কমান্ডকে ধন্যবাদ।”
ফ্ল্যাশব্যাক: ২০২১-এর জোট ব্যর্থতা বাড়িয়েছে ক্ষোভ
এই সিদ্ধান্তের নেপথ্যে আসলে কাজ করেছে ২০২১-এর স্মৃতি। সেবার বামের সঙ্গে জোট বেঁধেও একটি আসনও জোটেনি কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল (TMC) তখন ২১৩ আসনে ঝড় তোলে। বিজেপি (BJP) পায় ৭৭। কংগ্রেস কর্মীদের অভিযোগ—বামেদের হাত ধরে লড়াই মানেই নিজেদের অস্তিত্ব খুইয়ে ফেলা। সেই ক্ষোভই তিন বছর ধরে জমে ছিল মাটির তলায়।
নতুন কৌশল: তৃণমূল-বিজেপির মাঝখানে ফিরে আসার চেষ্টা
বাংলার রাজনীতিতে তৃণমূলের দাপট, বিজেপির উত্থান—এই দুইয়ের মাঝেই হারিয়ে গিয়েছিল কংগ্রেস। এবার দলের বক্তব্য—স্বতন্ত্র লড়াই ক্যাডারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। মাঠে নামবে নিজেদের পরিচয়ে, নিজেদের তাগিদে। ২০২৬-এর লড়াই যেন আগেভাগেই শুরু করে দিল দল।
এনিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, '২০১৬ সালে আমরা সিপিএমের সঙ্গে জোট করেছিলাম। বিরোধী দলের তকমাও পেয়েছিলাম। তারপর থেকে নানা টানাপড়েনের পর রাজনীতি চলছে। প্রদেশ কংগ্রেসের সার্ভের পর পাওয়া তথ্য বলছে, একা চলা সঠিক। একজন কংগ্রেস কর্মী হিসেবে উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেয় আমি তাই মেনে চলি। আমিও একা লড়ব।'
তিনি আরও জানান, তাঁকে মুখ করে বিধানসভায় প্রদেশ কংগ্রেস লড়াই করবে কি না এ ব্যাপারে তিনি কিছু জানেন না। প্রার্থী হওয়া নিয়েও কিছু জানাতে পারলেন না এদিন।