গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দাম টানা কমছে। অগস্টে কমানো হয়েছিল ৩৩.৫০ টাকা, জুলাইয়ে ৫৮.৫০ টাকা, আবার জুনে ২৪ টাকা। এপ্রিলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৭৬২ টাকা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 1 September 2025 08:06
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই স্বস্তি! দাম কমল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder Price)। ১ সেপ্টেম্বর আজ থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা কমেছে। যদিও গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি, তবে পুজোর আগে ব্যবসায়ীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির বার্তা।
জানা গিয়েছে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম (Commercial LPG Cylinder Price) ৫১.৫০ টাকা কমেছে। এর ফলে দিল্লিতে নতুন দাম দাঁড়াচ্ছে ১ হাজার ৫৮০ টাকা, আর কলকাতায় দাম হচ্ছে ১ হাজার ৬৮৪ টাকা। মুম্বই ও চেন্নাইয়েও দাম কমবে একইভাবে। এই পরিবর্তন কার্যকর হয়েছে রবিবার রাত থেকেই।
গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাসের দাম টানা কমছে। অগস্টে কমানো হয়েছিল ৩৩.৫০ টাকা, জুলাইয়ে ৫৮.৫০ টাকা, আবার জুনে ২৪ টাকা। এপ্রিলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল প্রায় ১ হাজার ৭৬২ টাকা। এখন তা নেমে এসেছে ১ হাজার ৫৮০ টাকায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে চায়ের দোকান কিংবা ছোট খাবারের আড্ডাখানা, সব জায়গারই খরচ কিছুটা হলেও কমবে বলেই মনে করা হচ্ছে।
যদিও গৃহস্থের রান্নার গ্যাসে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮২৯ টাকা। ফলে বাড়ির হেঁশেলের জন্য দাম একই থাকছে। তবু বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই কাটছাঁট বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুজোর আগে যখন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে, তখন এই দাম কমানো তাঁদের জন্য আর্থিকভাবে সহায়ক হবে।