উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়। গতরাতে রাত প্রায় ২টো নাগাদ ঘটে ঘটনাটি।

উত্তরাখণ্ডের উত্তরকাশী
শেষ আপডেট: 29 June 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়। গতরাতে রাত প্রায় ২টো নাগাদ ঘটে ঘটনাটি। প্রবল জলধারায় একটি নির্মীয়মাণ হোটেল ভেঙে পড়ে এবং অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
পাহাড় থেকে ধস নামার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটলেও অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং পুলিশ। উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য ANI-কে জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রসঙ্গত, উত্তরাখণ্ডে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। একাধিক জেলায় ধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। শনিবারের টানা বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকটিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই পথ কেদারনাথ তীর্থযাত্রীদের যাতায়াতের মূল ভিত্তি।
VIDEO | Uttarakhand cloud burst: Rescue operation underway to find those missing after a cloudburst near Paligad-Silai Band in Tehsil Barkot of Uttarkashi district at around 2:12 pm last night.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/yZzzT9gKxs— Press Trust of India (@PTI_News) June 29, 2025
তাছাড়া উত্তরাখণ্ডজুড়ে টানা বৃষ্টির প্রভাবে একের পর এক পাহাড় ধসে পড়ছে। শনিবার সকালে ধস নামে বদ্রীনাথ–ঋষিকেশ জাতীয় সড়কে, যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কেদারনাথ যাত্রাপথ। সড়কের বিপজ্জনক অংশে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী, যাতে কেউ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ওই পথে না এগিয়ে যান। ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হলেও, বৃষ্টির দাপটে তা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। মাঝে মাঝেই নতুন করে ধস নামছে রাস্তার বিভিন্ন জায়গায়, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলছে।
একদিনের জন্য স্থগিত চারধাম যাত্রা
উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাসের কারণে একদিনের জন্য স্থগিত করা হল চারধাম যাত্রা। রবিবার ও সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য।
তিনি আরও জানান, বৃষ্টির দাপটের জন্য কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
প্রসঙ্গত, চারধাম যাত্রা হল ভারতের অন্যতম পবিত্র তীর্থযাত্রা, যেখানে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত যমুনোত্রি, গঙ্গোত্রি, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনে যান। এই তীর্থযাত্রা প্রতি বছর দীপাবলির পর বন্ধ হয়ে যায় এবং ফের এপ্রিল-মে মাস নাগাদ খুলে দেওয়া হয়। এই ছয় মাসব্যাপী তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকেও বহু ভক্ত অংশগ্রহণ করেন।