২২ জুলাই তহসিলদার সৌরভ দ্বিবেদীর স্বাক্ষর করা একটি আয়ের শংসাপত্রে রামস্বরূপের বার্ষিক আয় উল্লেখ করা হয় মাত্র ৩ টাকা— অর্থাৎ মাসে ২৫ পয়সা!

ছবি এআই
শেষ আপডেট: 27 July 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের এক কৃষকের আয়ের শংসাপত্রে বার্ষিক আয় মাত্র ৩ টাকা লেখা থাকায় দেশজুড়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ওই কৃষককে ‘ভারতের সবচেয়ে গরিব মানুষ’ বলে ব্যঙ্গ করতে থাকেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি 'ক্লারিক্যাল ভুল' এবং ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার কোঠি তহসিলের নায়াগাঁও গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সি কৃষক রামস্বরূপের সঙ্গে। ২২ জুলাই তহসিলদার সৌরভ দ্বিবেদীর স্বাক্ষর করা একটি আয়ের শংসাপত্রে রামস্বরূপের বার্ষিক আয় উল্লেখ করা হয় মাত্র ৩ টাকা— অর্থাৎ মাসে ২৫ পয়সা!
শংসাপত্রটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশাসনের তরফে তড়িঘড়ি তদন্ত শুরু হয়। পরে ২৫ জুলাই নতুন একটি আয় শংসাপত্র ইস্যু করা হয়, যেখানে রামস্বরূপের বার্ষিক আয় দেখানো হয় ৩০,০০০ টাকা অর্থাৎ মাসে ২,৫০০ টাকা।
ঘটনার পর তহসিলদার দ্বিবেদী জানান, “এটি কেবলমাত্র একটি ক্লারিক্যাল ভুল ছিল, যা ইতিমধ্যেই সংশোধন করে নতুন শংসাপত্র দেওয়া হয়েছে।”
তবে এই ঘটনা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গেছে। মধ্যপ্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক্স (পূর্বতন টুইটার)-এ রামস্বরূপের পুরনো শংসাপত্র শেয়ার করে লেখা হয়, “মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের শাসনে দেশের সবচেয়ে গরিব মানুষকে খুঁজে পেলাম! বছরে আয় মাত্র ৩ টাকা!”
তারা আরও কটাক্ষ করে লিখেছে, “এটা কি চমকে দেওয়ার মতো নয়? মানুষের দারিদ্র্য এখন একটা মিশনে পরিণত হয়েছে, কারণ এখন তো চেয়ারই খেয়ে নিচ্ছে কমিশন!”