দেশের প্রায় প্রতিটি শহরে CISF কর্মী মোতায়েন থাকায়, মানুষ সহজেই এই ধরনের প্রতারণায় ফেঁসে যাচ্ছেন।

শেষ আপডেট: 5 November 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল অ্যারেস্ট (Digital arrest), ইনভেস্টমেন্ট ফ্রড (investment fraud) - এমন একের পর এক অনলাইন প্রতারণার (online scam) খবর উঠে আসছে দেশের নানা কোণ থেকে। এবার সামনে এল আরও এক অভিনব ফাঁদ। কেন্দ্রীয় বাহিনীর (CISF) জওয়ান সেজে সাধারণ মানুষকে ঠকাচ্ছে একদল প্রতারক।
তাদের হাতে আছে জাল CISF আইডি কার্ড, আধার, প্যান - সব কিছুই নিখুঁত নকল। ছবিতে দেখা যায় ইউনিফর্ম পরা এক 'জওয়ান'। তাঁদের নতুন কৌশল হল - 'আমার অমুক এলাকায় বদলি হচ্ছে, থাকার জায়গা দরকার।'
কীভাবে চলছে এই প্রতারণা, শিকার কারা হচ্ছেন?
প্রতারকরা হাউস রেন্টিং ওয়েবসাইটে খোঁজ নেয় - কে কে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিচ্ছে। তারপর ফোন করে জানায়, তারা CISF-এ চাকরি করেন, বদলি হয়েছে অন্য শহরে, দ্রুত একটা জায়গা দরকার।
বিশ্বাস বাড়াতে পাঠিয়ে দেয় CISF আইডি ও আধার কার্ডের স্ক্যান কপি। তারপর বলে, 'ভাড়ার টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি, ব্যাঙ্ক ডিটেল দিন।' এবং ঠিক সেখানেই ফাঁদ। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার কিছু সময়ের মধ্যেই টাকা গায়েব!
‘CISF অফিসার’ সেজে বিক্রি করছে গাড়িও!
আরও এক রূপ, যেখানে প্রতারক নিজেকে CISF অফিসার বলে পরিচয় দেয় ফেসবুক (Facebook) বা ওএলএক্স (OLX)-এ। সেখানে লেখে, 'বদলি হয়েছে, তাই গাড়ি বিক্রি করছি।' যিনি কিনতে আগ্রহী, তাঁকে বলে, “দ্রুত টাকা পাঠান, নয়তো অন্য কেউ কিনে নেবে।” টাকা গেলেও গাড়ি আসে না। শেষমেশ ক্রেতা বুঝতে পারেন, তিনি কথা বলছিলেন এক ভুয়ো অফিসারের সঙ্গে।
CISF-এর সতর্কবার্তা
এ বিষয়ে NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে CISF-এর মুখপাত্র সরোজ ভূপেন্দ্র বলেন, “কেউ CISF আইডি কার্ড পাঠালেই বিশ্বাস করবেন না। ব্যক্তিগতভাবে দেখা না করে কোনও আর্থিক লেনদেন করবেন না।”
তিনি আরও জানান, দেশের প্রায় প্রতিটি শহরে CISF কর্মী মোতায়েন থাকায়, মানুষ সহজেই এই ধরনের প্রতারণায় ফেঁসে যাচ্ছেন।
চলতি বছরের জানুয়ারিতেই CISF এক অফিসিয়াল অ্যাডভাইসরি জারি করেছিল, বলা হয়েছিল, “CISF কর্মী সেজে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েছে। কেউ যদি এমন বিজ্ঞাপন বা বার্তা পান, কোনও টাকা পাঠাবেন না। সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে জানান ন্যাশনাল সাইবারক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে।”
ইউনিফর্ম, নাম, আইডি - সব কিছুই এখন ডিজিটালের ক্যানভাসে তৈরি করা যায়। তাই এখানে সতর্কতাই ডিজিটাল যুগে নিজেকে সুরক্ষিত রাখার একমাত্র উপায়, বারবার বলছেন বিশেষজ্ঞরা।