
শেষ আপডেট: 6 February 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো: বাসের মেঝে ভেঙে গর্তে পড়তে পড়তে বেঁচে গেলেন মহিলা। সটান রাস্তায় পড়ে চাকার নীচেই চলে যেতেন। সহযাত্রীদের তৎপরতায় বড় বিপদ কাটল।
এই ঘটনা চেন্নাই শহরের। ভাল্লানগর থেকে থিরুভেরকাডুর দিকে যাচ্ছিল বাসটি। মাঝপথেই এমন বিপদ ঘটে যায়। বাসের যাত্রীরা বলছেন, এমন ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। মুহূর্তের মধ্যে হাড়হিম হয়ে গিয়েছিল সকলের। কিন্তু কয়েকজনের উপস্থিতবুদ্ধি আর তৎপরতায় সহযাত্রী মহিলাকে বাঁচানো সম্ভব হয়।
যাত্রীদের কথায়, বাসে বসেছিলেন ওই মহিলা। যে সিটে তিনি বসেছিলেন তার নীচের ফ্লোরটাই নড়বড়ে ছিল। মহিলা উঠতে যেতেই হুড়মুড় করে তা ভেঙে পড়ে। তিনিও টাল সামলাতে না পেরে গর্তে ঢুকে যান। মহিলা যখন পড়ছেন তখনই কয়েকজন ছুটে এসে তাঁর হাত ধরে ফেলে। বাকিরা চিৎকার করে চালককে বাস থামাতে বলেন। কারণ হাত পিছলে গেলেই তিনি সটান রাস্তায় পড়ে যেতেন। আর বাসের চাকা পিষে দিত তাঁকে।
যাত্রীদের চিৎকার শুনে চালক বাস থামিয়ে দেন। তখন সকলে মিলে টেনে হিঁচড়ে তুলে আনেন মহিলাকে। তাঁর এখন চিকিৎসা চলছে।
ঘটনায় বাসের এমন করুণ অবস্থাকেই দায়ী করছেন সকলে। যাত্রীদের অভিযোগ, সরকারি বাসগুলো মেরামত করা হয় না। বহুদিন ধরেই এমন হয়ে আছে। তার উপরে যাত্রী নিয়ে চলাচলও করছে। এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে বলে মনে করছেন যাত্রীরা।
চেন্নাইয়ের বাসের এমন দুর্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রধান কে আন্নামালাই। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “চেন্নাই শহরের বেশিরভাগ সরকারি বাসেরই এমন করুণ অবস্থা। সিট ভাঙা, ছাদ ফুটো। বর্ষার সময় বাসে জল ঢোকে। পরিবহন দফতরের কাছে নালিশ করেও লাভ হয়নি। ঝুঁকি নিয়েই বাসে চাপছেন যাত্রীরা। ডিএমকে সরকার সাধারণের সুবিধা অসুবিধার কথা ভাবছেই না।”